মিউনিখে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিউনিখ ট্রেন স্টেশনের বাইরে গতকাল বৃহস্পতিবার পুলিশের অবস্থান। ছবি: এএফপি
মিউনিখ ট্রেন স্টেশনের বাইরে গতকাল বৃহস্পতিবার পুলিশের অবস্থান। ছবি: এএফপি

জার্মানির মিউনিখে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হামলার আশঙ্কা করছে পুলিশ। এই আশঙ্কা থেকে সেখানকার দুটি বড় রেলস্টেশন ফাঁকা করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কর্মকর্তারা বলছেন, আসন্ন সন্ত্রাসী হামলার বিষয়ে জার্মানিকে সতর্ক করেছে একটি গোয়েন্দা সংস্থা। এরপরই শহরে নিরাপত্তা জোরদার করা হয়।
জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ। বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কথিত আইএসের আত্মঘাতী বোমা হামলাকারীরা প্রধান স্টেশন বা পাসিং স্টেশনে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াসিম হারমান বলেন, ‘আমি আনন্দিত যে, এখন পর্যন্ত কিছুই ঘটেনি। আশা করি, সব ঠিকঠাক চলবে।’
মিউনিখের পুলিশ বলছে, পাঁচ থেকে সাতজন জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির কর্মকর্তাদের ভাষ্য, একটি বন্ধুপ্রতিম গোয়েন্দা সংস্থার কাছ থেকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে তথ্য পাওয়া যায়। এরপর জার্মানির কেন্দ্রীয় অপরাধ পুলিশ ওই তথ্য মিউনিখ পুলিশকে অবহিত করে।
স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, ফ্রান্স থেকে ওই গোয়েন্দা তথ্য এসেছে।
মিউনিখ পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা শহরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে।
নতুন বছর উদ্যাপনের প্রেক্ষাপটে ইউরোপের অন্য অনেক দেশের শহরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা আছে।

সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপের বিভিন্ন শহরে সতর্কতা জারি রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে নতুন বর্ষ বরণের অনুষ্ঠান বাতিল বা সীমিত করা হয়েছে।

ব্রাসেলসে ও প্যারিসে নববর্ষের ঐতিহ্যবাহী আলোকসজ্জা, আতশবাজি প্রদর্শনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

ফ্রান্সে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

মস্কো, লন্ডন, বার্লিনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার কারণে প্রথমবারের মতো রেড স্কয়ার বন্ধ করে দিয়েছে রাশিয়া।