জার্মানির মিউনিখ শহরে একটি বিপণিবিতানে গতকাল শুক্রবার গুলির ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই হামলাকারীদের ধরতে শহরজুড়ে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ। রাত দুইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলাকারীরা পালিয়ে গেছে, নাকি নিহত হয়েছে, তা জানা যায়নি।
গুলির এ ঘটনার পর খালি করা হয় শহরের প্রধান রেলস্টেশনটি। এ ছাড়া বন্ধ করে দেওয়া হয় শহরের বাস, পাতাল রেলসহ অন্যান্য গণপরিবহনও। এতে আটকা পড়ে লোকজন। শহরবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়ে টুইট করে পুলিশ।
মিউনিখের পুলিশ তাদের ফেসবুক পেজে হামলায় ছয়জন নিহতের খবর নিশ্চিত করে এ ঘটনাকে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে।
স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটে শহরে ম্যাকডোনাল্ডসের একটি রেস্তোরাঁয় গুলির ঘটনা শুরু হয়। পরে তা আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বন্দুকধারীরা সেখানকার অলিম্পিক স্টেডিয়ামের পাশে অলিম্পিয়া শপিং মলে ঢুকে পড়ে। দ্রুত বিপণিবিতানটি ঘিরে ফেলে পুলিশ। আকাশে চক্কর দিতে থাকে হেলিকপ্টার।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলাকারী তিনজন ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানান।
পুলিশের মুখপাত্র ক্লদিয়া কন্তজেল বলেন, সম্ভবত কয়েকজন নিহত হয়েছেন। তবে হামলাকারী কারা বা তাদের উদ্দেশ্য কী, সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
শহরের একটি পেট্রলপাম্পের এক কর্মী বিবিসিকে বলেন, লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো গাড়ি নেই। শুধু অ্যাম্বুলেন্স, পুলিশ ও দমকল বাহিনীর গাড়ি চলছে।
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসে এক বৈঠকের আগে তিনি বলেন, ‘আমরা এখনো পুরোপুরি জানি না, মিউনিখে কী ঘটছে। তবে সেখানে যাঁরা হতাহত হয়েছেন, তাঁদের জন্য আমরা সমবেদনা জানাই।’ প্রয়োজনে জার্মানিকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন ওবামা।
শোক প্রকাশ করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনও।
গত সোমবার জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর ভুর্সবুর্গে ট্রেনে ছুরি নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে আহত করে এক কিশোর। পরে পুলিশের গুলিতে ওই আফগান কিশোর নিহত হয়।