মিউনিখে হামলাকারীর আফগান বন্ধু গ্রেপ্তার
জার্মানির মিউনিখে বন্দুকধারীর হামলার ঘটনায় ১৬ বছর বয়সী এক আফগান কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া আফগান কিশোর হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান তরুণ আলি ডেভিড সনবোলির (১৮) বন্ধু।
গত শুক্রবার বিকেলে মিউনিখের একটি বিপণিকেন্দ্রে গুলি করে নয়জনকে হত্যা করেন সনবোলি। পরে তিনি আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, হামলাকারীর হামলার পরিকল্পনার বিষয়টি কর্তৃপক্ষকে আগেভাগে জানানোর ব্যর্থতার অভিযোগে গ্রেপ্তার হওয়া কিশোরকে তদন্তের আওতায় আনা হয়েছে। তাকে হামলার সম্ভাব্য নীরব সহযোগী হিসেবে সন্দেহ করা হচ্ছে।
পুলিশের ভাষ্য, সনবোলি প্রায় এক বছর ধরে হামলার পরিকল্পনা করেছিলেন।
মিউনিখ পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবারের হামলার পরপরই ওই কিশোর পুলিশকে অবহিত করে। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথায় গরমিল পাওয়া যায়। পরিকল্পিত অপরাধের বিষয়ে আগেই পুলিশকে জানাতে ব্যর্থতার সন্দেহে ওই কিশোরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাভারিয়া রাজ্যের সবচেয়ে বড় বিপণিকেন্দ্র হিসেবে পরিচিত অলিম্পিয়া মলে উপস্থিত লোকজনের ওপর গুলি চালিয়েছিলেন সনবোলি। প্রথমে কাছের ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় গুলি করেন তিনি।
সনবোলি মানসিক সমস্যায় আক্রান্ত ছিলেন বলে তদন্তে তথ্য মিলেছে। এরপরও তিনি কীভাবে আগ্নেয়াস্ত্র পেলেন, বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
হামলাকারী সনবোলির ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ যেসব জিনিসপত্র পেয়েছে, তাতে বেপরোয়া গুলি চালিয়ে হামলার চিন্তায় তিনি ‘আচ্ছন্ন ছিলেন’ বলে ইঙ্গিত মিলেছে।
সনবোলি ২২ জুলাই হামলা চালান। ঠিক পাঁচ বছর আগে এই দিনেই নরওয়েতে অ্যান্ডার্স ব্রেইভিক এ ধরনের হামলা করেছিলেন। ব্রেইভিকের কার্যকলাপ দিয়ে সনবোলি প্রভাবিত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।