মিউনিখের ঘটনায় আইএসের সম্পৃক্ততা নেই: পুলিশ
জার্মানির মিউনিখ শহরে বিপণিকেন্দ্রে গুলির ঘটনায় আইএসের (ইসলামিক স্টেট) কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন দেশটির তদন্তকারী কর্মকর্তারা। আজ শনিবার তারা বলেন, এই হামলার সঙ্গে নরওয়ের হামলাকারী আন্দ্রেস ব্রেইভিকের স্পষ্ট মিল রয়েছে। খবর এএফপির
মিউনিখের পুলিশ প্রধান হিউবার্টারস আন্দ্রে এক সংবাদ সম্মেলনে বলেন, নরওয়ের ওই হামলাকারীর সঙ্গে মিউনিখের হামলাকারীর স্পষ্ট মিল রয়েছে। আর মিউনিখে হামলাকারীও মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। তাঁর সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততা নেই আর তিনি রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়েও হামলা করেননি।
হিউবার্টারস আরও বলেন, এই হামলাসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন হামলা ও ব্রেইভিকের উন্মত্ত হামলার ধরন নিয়ে তিনি গবেষণা করে এ তথ্য পেয়েছেন।
জার্মানির মিউনিখ শহরে একটি বিপণিকেন্দ্রে গত শুক্রবার গুলির ঘটনায় নয়জন নিহত হন। আহত হয়েছেন ১৬ জন। হামলাকারী হিসেবে একজন সন্দেহভাজনের লাশ উদ্ধার করা হয়। ১৮ বছরের এই তরুণ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার পর এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলাকারী ইরানি বংশোদ্ভূত জার্মান নাগরিক।
আর নরওয়ের আন্দ্রেস ব্রেইভিক নামের এক উগ্র ডানপন্থী ২০১১ সালের ২২ জুলাই রাজধানী অসলোর সরকারি ভবনের বাইরে বোমা হামলা চালালে আটজন নিহত হন। পরে তিনি ওটোয়া দ্বীপে লেবার যুব সম্মেলনে গুলি চালিয়ে ৬৯ জনকে হত্যা করেন। ঘটনার বছর খানেক পর ব্রেইভিককে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
নরওয়ের ওই হামলার ঠিক পাঁচ বছর পূর্তির সময় গতকাল শুক্রবার এই হামলাটি হয়।
মিউনিখের একজন আইনজীবী বলেন, মিউনিখে হামলাকারী মানসিকভাবে হতাশ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।