মিকোলাইভে ধ্বংসস্তূপ থেকে দুজনের মরদেহ উদ্ধার
ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মিকোলাইভের একটি সরকারি ভবনে রুশ সামরিক বাহিনীর হামলার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার এ হামলা হয়। এখন ঘটনাস্থলে আছেন এএফপির একজন সাংবাদিক। তাঁর বরাত দিয়েই এএফপি আজ এ খবর জানিয়েছে।
আঞ্চলিক গভর্নর ভিতালি কিম এর আগে বলেছিলেন, সরকারি একটি ভবনে রুশ বাহিনী হামলা করেছে। হামলার পর অনেকেই ভবনের ভেতর থেকে বের হয়ে এসেছেন। তবে বেশির ভাগই আহত হয়েছেন। এ ছাড়া আটজন বেসামরিক মানুষ এবং ইউক্রেনের সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্যের খোঁজ মিলছে না।
গভর্নর ভিতালি কিম ফেসবুকে দেওয়া একটি পোস্টে বলেন, ‘আঞ্চলিক সরকারি প্রশাসন ভবনে হামলা হয়েছে। ভবনের অর্ধেক ধসে গেছে। আমার কার্যালয়েও হামলা হয়েছে।’ গভর্নরের কার্যালয় থেকে টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ভবনটির বড় অংশ বিচ্ছিন্ন হয়েছে। পুরো ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ভিতালি বলেন, ‘ধ্বংসস্তূপে আটজন বেসামরিক মানুষ আটকা আছেন। তাঁদের উদ্ধার করার আশা করছি আমরা। এ ছাড়া তিনজন সেনাসদস্যের খোঁজ চলছে।’
ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর কয়েক সপ্তাহ ধরে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মিকোলাইভে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।