মিলেছিলেন ১০ বন্ধু নেই তাঁদের ৫ জন

আর্জেন্টিনার রোসারিও শহরে পলিটেকনিক কলেজ থেকে ৩০ বছর আগে স্নাতক সম্পন্ন করেছিলেন তাঁরা। বহু বছরের বন্ধুত্ব। স্নাতক সম্পন্নের ৩০ বছর পূর্তি উদ্যাপন করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জড়ো হয়েছিলেন ১০ জন বন্ধু। মুহূর্তেই তাঁদের উৎসব মিলিয়ে গেল বিষাদে। নিউইয়র্কের ম্যানহাটনে মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন তাঁদের পাঁচজন। একজন গুরুতর আহত।
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার দুপুরে নিউইয়র্কে ট্রাক নিয়ে সন্ত্রাসী হামলায় যে আটজন নিহত হয়েছেন, তাঁদের মধ্যে পাঁচজনই আর্জেন্টিনার। নিহত ব্যক্তিরা হলেন হার্নান ডিয়েগো ম্যানডোজা, ডিয়েগো এনরিক এঞ্জেলিনি, আলেজান্দ্রো দামিয়ান পাগনুচে, অ্যারিয়েল এরলিজ এবং হার্নান ফেরুচি। আহত হয়েছেন মার্টিন লুডভিকোক।
যুক্তরাজ্যের ডেইলি মেইল জানিয়েছে, আহত মার্টিন যুক্তরাষ্ট্রের কানেটিকাটের নিউটন শহরে থাকেন। তিনিই অন্য বন্ধুদের নিউইয়র্কে স্বাগত জানিয়েছিলেন। নিহত অ্যারিয়েল এরলিজের ইস্পাতের ব্যবসা আছে আর্জেন্টিনায়। দুই বন্ধু আর্থিক সংকটে থাকায় তাঁদের যুক্তরাষ্ট্র যাত্রার ব্যয় বহন করেছিলেন এরলিজ।
বেশ কয়েক দিন থেকে নিউইয়র্কে অবস্থান করছিলেন ওই দশ বন্ধু। মঙ্গলবার বিকেলে হাডসন নদীর তীরে অবসর কাটানো এবং স্থানীয় এলাকায় সাইকেল চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। আর সাইকেল চালানোর জন্য নির্ধারিত পথেই দ্রুতগতির ট্রাক নিয়ে হামলা চালান উজবেকিস্তানের নাগরিক সাইফুল্লা হাবিবুল্লাহিভিক সাইপভ। এতে প্রাণ হারান পাঁচ বন্ধু।