মিসরের নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে : ওলাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ বিমানে থাকা আরোহীদের স্বজনেরা ভিড় করেছেন কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরের ইজিপ্ট এয়ার-জন-ফ্লাইট সার্ভিস ভবনে। ছবি: রয়টার্স
নিখোঁজ বিমানে থাকা আরোহীদের স্বজনেরা ভিড় করেছেন কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরের ইজিপ্ট এয়ার-জন-ফ্লাইট সার্ভিস ভবনে। ছবি: রয়টার্স

ফ্রান্সের প্যারিস থেকে মিসরের কায়রোগামী নিখোঁজ বিমানটি ভূমধ্যসাগর এলাকায় বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মিসরের ওই বিমানটির ধ্বংসাবশেষ এখনো পাওয়া যায়নি। বিমানে ৬৬ জন আরোহী ছিলেন।
প্যারিসের প্রসিকিউটর কার্যালয় জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে, নাকি যান্ত্রিক ত্রুটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।
মিসরীয় বিমান সংস্থা ইজিপ্ট এয়ার বলছে, গতকাল বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে কায়রোর উদ্দেশে শার্ল দা গল বিমানবন্দর ছাড়ে ফ্লাইট এমএস ৮০৪। কায়রোর স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটে রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটি তখন গ্রিক দ্বীপপুঞ্জ ও মিসরীয় উপকূলের মধ্যবর্তী জায়গায় পূর্ব ভূমধ্যসাগর এলাকায় ৩৭ হাজার ফুট উচ্চতায় ছিল।
এদিকে গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী পানোস কামমেনোস এক সংবাদ সম্মেলনে বলেন, রাডার স্ক্রিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে দেখা যায় বিমানটি ২২ হাজার ফুট নিচে নেমে গিয়ে মিসরের দিকে এগিয়ে যাচ্ছিল। বিমানটি যখন নিচে পড়তে পড়তে মাটি থেকে ১০ হাজার ফুট ওপরে ছিল, তখনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

মিসর ও গ্রিস দুই দেশই জানায়, বিমান তল্লাশির অভিযানে বিমান ও নৌ জাহাজ পাঠানো হয়েছে। তারা আশা করছে, ফরাসি দলও তাদের সঙ্গে যোগ দেবে।
বিমানটিতে ২৬ জন বিদেশি যাত্রী ছিলেন। এর মধ্যে ১৫ জন ফরাসি এবং আলজেরিয়া, বেলজিয়াম, চাদ, পর্তুগাল, সৌদি আরব, যুক্তরাজ্য, কানাডা ও সুদানের একজন করে এবং ইরাকের দুজন ছিলেন। মিসরীয় ছিলেন ৩০ জন। এ ছাড়া সাতজন ক্রু ও তিনজন নিরাপত্তাকর্মী ছিলেন।

ইজিপ্টএয়ারের একটি বিমান নিখোঁজ হলেও অন্য কায়রোগামী অন্য বিমানগুলো ঠিকঠাকভাবেই পৌঁছেছে। ছবি: রয়টার্স
ইজিপ্টএয়ারের একটি বিমান নিখোঁজ হলেও অন্য কায়রোগামী অন্য বিমানগুলো ঠিকঠাকভাবেই পৌঁছেছে। ছবি: রয়টার্স

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গত বছর ফ্রান্স ও মিসরে হামলা চালায়। এসব ঘটনাকে মাথায় রেখে প্রেসিডেন্ট ওলাঁদ বিমান নিখোঁজ হওয়ার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘কী কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা আমাদের জানতে হবে। আমরা অনুমাননির্ভর হয়ে কিছু বলতে চাই না। এটা দুর্ঘটনা হতে পারে...আবার ধারণা করা হচ্ছে সন্ত্রাসী হামলা...কিন্তু এ মুহূর্তে আমরা মনোযোগ হওয়া উচিত বিমানের আরোহীদের পরিবারের প্রতি। তাঁদের সমবেদনা জানানো এবং এ বিপর্যয়ের কারণ অনুসন্ধান।’