মৃত প্রেসিডেন্টের প্রার্থিতা কামনায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ৭৩ বছর বয়সী এক ব্যক্তি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক খুঁটিতে উঠে দেশটির প্রয়াত সাবেক প্রেসিডেন্ট চালর্স দ্য গলকে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন। এ কারণে ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, তিনি প্রায় দুই ঘণ্টায় ১৬০ ফুটের বৈদ্যুতিক খুঁটিটি বেয়ে ওঠেন। চার লাখ ভোল্টের লাইন থেকে মাত্র ১০ মিটার দূরে তিনি বসে ছিলেন। ওই লাইন দিয়ে স্পেনে বিদ্যুৎ রপ্তানি করা হয়।
ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আরটিই এক বিবৃতিতে জানায়, ‘নিরাপত্তার জন্য ওই লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তবে এ কারণে ওই এলাকায় বা স্পেনে বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন ঘটেনি।’
আজ সকালে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ কর্মকর্তা ও পুলিশের সঙ্গে তাঁর সমঝোতায় তিনি নেমে আসেন। তাঁর এমন কাণ্ডের উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। তবে, তিনি একজন রাজনৈতিক কর্মী বলে ধরে নেওয়া হয়েছে।
তিনি ব্যানারে দেশটির যুদ্ধকালীন নেতা ও ১৯৭০ সালে মারা যাওয়া প্রেসিডেন্ট চালর্স দ্য গলকে আসন্ন ২০১৭ সালের নির্বাচনে আবারও প্রেসিডেন্ট পদে লড়তে আহ্বান জানান। এমন কাণ্ডে তাঁকে আইনগত ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে জানিয়েছে আরটিই।