মৃত শরণার্থী শিশুর ছবি প্রকাশ মানবিক সহায়তা সংগঠনের
ভূমধ্যসাগরে সাম্প্রতিক অভিবাসীদের নৌকাডুবির ঘটনায় মারা যাওয়া ছোট্ট এক শিশুর নিথর দেহ জার্মান এক উদ্ধারকারীর কোলে- এ রকম মর্মবিদারক এক ছবি গতকাল সোমবার প্রকাশ করেছে একটি মানবিক সংগঠন।
ছবিতে দেখা যাওয়া শিশুটির বয়স দৃশ্যত এক বছরের বেশি নয়। অভিবাসনপ্রত্যাশী লোকজন বোঝাই কাঠের একটি নৌকা ডুবে যাওয়ার পর তার লাশ শুক্রবার ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়।
জার্মানির মানবিক সহায়তা বিষয়ক সংগঠন সী-ওয়াচ ইতালি ও লিবিয়ার মধ্যবর্তী ভূমধ্যসাগর এলাকায় একটি নৌকা নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের তোলা ওই ছবিটি তারাই বন্টন করেছে।
মার্টিন নামের ওই উদ্ধারকারী ব্যক্তি এক ইমেইল বার্তায় বলেন, সাগরে তিনিই ‘হাত দুটি ছড়ানো, পুতুলের মতো’ ওই শিশুটিকে শনাক্ত করেন। তাকে উদ্ধার করে কোলে নেওয়ার মুহূর্তটিকে ‘হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘মাত্র ছয় ঘণ্টা আগেও শিশুটি জীবিত ছিল।’
এর আগে চার বছর বয়সী সিরীয় শিশু আয়লান কুর্দির সৈকতে ভেসে আসা লাশের ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল।
রোববারই ইউএনএইচসিআর ও চিকিৎসা-বিষয়ক দাতব্য সংগঠন মেদসঁ সঁ ফ্রতিয়েখ লিবিয়া উপকূলে তিনটি নৌকাডুবির ঘটনায় ৯০০ শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে।