মৃতদেহের সারিতে পড়ে থেকে বেঁচে গেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিসে গত শুক্রবার সন্ত্রাসীদের ভয়াবহ হামলার অন্যতম স্থান ছিল বাতাক্লঁ কনসার্ট হল। বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে অন্তত ৮৭ জন দর্শক-শ্রোতাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এত মানুষকে মেরে ফেলা হয়। সৌভাগ্যক্রমে অনেকের সঙ্গে প্রাণে বেঁচে যান ২২ বছরের তরুণী দক্ষিণ আফ্রিকার ইসাবেল বদারি।
সেদিন ইসাবেলের দুঃস্বপ্নের বিভীষিকা শুরু হয় হঠাৎ করেই। বিভীষিকাকে সঙ্গী করে এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি নিজেকে লুকিয়ে রেখেছিলেন রক্তাক্ত মৃতদেহের সারিতে। তাঁর বেঁচে যাওয়ার গল্প নিয়ে সবিস্তারে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন তিনি। সঙ্গে ছবি ছেড়েছেন নিজের রক্তমাখা জামাটির। এই লেখা ও ছবি দেওয়ার পর গত রোববার বিকেল পর্যন্ত তা ৬ লাখ বার শেয়ার হয়েছে।
ইউনিভার্সিটি অব কেপটাউন থেকে সদ্য স্নাতক পাস করা এই তরুণী লেখেন, ‘এটা শুধুই একটা সন্ত্রাসী হামলা ছিল নয়, ছিল একটা গণহত্যা। আমার সামনে অনেককে গুলি করা হয়েছে। মেঝে ভেসে গেছে রক্তের স্রোতে। ছোট হলটিতে প্রিয় বান্ধবীদের মরদেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।’
ইসাবেল লেখেন, ‘এক মুহূর্তে নিঃশেষ হয়ে গেল কতজনের ভবিষ্যৎ; ভেঙে গেল কত পরিবারের হৃদয়। হতবিহ্বল ও নিঃসঙ্গ আমি এক ঘণ্টার বেশি সময় নির্জীব হয়ে পড়ে থাকা লাশের সঙ্গে শুয়ে মরা মানুষের ভান করে থাকলাম।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীদের হামলায় মাত্র ১৫ মিনিটেই বাতাক্লঁ কনসার্ট হলটি পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে। যেখানে পড়ে থাকে শুধু লাশের সারি। গুলিবর্ষণ শুরুর আগমুহূর্ত পর্যন্ত ভয়াবহ এ হামলার কোনো আভাসই পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের রক ব্যান্ড ‘ইগলস অব ডেথ মেটাল’ মঞ্চে ঘণ্টাব্যাপী কনসার্ট পরিবেশন করছিল। তখনই দর্শক সারির পেছন থেকে উঠে এসে বন্দুকধারীরা শুরু করে হামলা। কনসার্টের কানফাটানো শব্দ আর দর্শকদের উল্লাসে প্রথম দিকে তাতে মিশে গিয়েছিল গুলির শব্দ।
‘পরিবেশ ছিল খুবই আনন্দঘন এবং সবাই নাচছিলেন ও হাসছিলেন। যখন কিছু বন্দুকধারী সামনের প্রবেশদ্বার দিয়ে ঢুকে গুলি চালানো শুরু করে, তখনই আমাদের বিশ্বাস করতে হলো এটাও অনুষ্ঠানের অংশ।’—লেখেন ইসাবেল।
হামলাকারীরা গুলিবর্ষণ শুরুর পর ইসাবেল দম আটকে নিথর মানুষের মতো পড়ে থাকার চেষ্টা করেন। আটকে রাখেন ঠেলে বেরিয়ে আসা কান্না। তাঁর কথায়, ‘বন্দুকধারীরা দর্শকদের চারপাশে শকুনের মতোই ঘুরছিল।’ বলেন, সেটা ছিল এমনই একটা দৃশ্য, যা তাঁকে বাকি জীবন তাড়িয়ে বেড়াবে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।