মৃত্যুদণ্ড ফিরিয়ে আনতে চান এরদোয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রপন্থী জনতা ইস্তাম্বুলের ইয়েনিকাপি স্কয়ারে সমাবেশ করে। সেখানে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর স্ত্রী এমিনি গুলবারান l ছবি: রয়টার্স
তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রপন্থী জনতা ইস্তাম্বুলের ইয়েনিকাপি স্কয়ারে সমাবেশ করে। সেখানে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর স্ত্রী এমিনি গুলবারান l ছবি: রয়টার্স

‘তুর্কি জনগণ ও পার্লামেন্টের সমর্থন পেলে’ মৃত্যুদণ্ড আবার চালু করতে চান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুল নগরে গত রোববার লাখো মানুষের সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

তুরস্কে গত মাসে ব্যর্থ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণতন্ত্রপন্থী জনতা এই সমাবেশ করেন। এতে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সমর্থকদের সবাইকে সরিয়ে দেওয়া হবে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার জন্য গুলেনকেই দায়ী করেছে তুর্কি কর্তৃপক্ষ। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। রোববারের সমাবেশে তুরস্কের ধর্মীয় এবং তিনটি বিরোধী দলের নেতারা অংশ নেন। কুর্দি রাজনৈতিক দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।

গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টায় অন্তত ২৭০ জন প্রাণ হারায়। এ ঘটনার পর সরকার ব্যাপক অভিযান চালায়। ফেতুল্লা গুলেনকে সমর্থনের অভিযোগে হাজারো মানুষকে আটক করা হয়। সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয় আরও অনেককে। অভ্যুত্থানচেষ্টার প্রতিক্রিয়ায় তুর্কি সরকারের কার্যক্রমের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার সদস্যদেশগুলোতে মৃত্যুদণ্ড অনুমোদন করে না। তুরস্কও ইইউর সদস্য হতে চায়।

তুরস্কের বৃহত্তম নগর ইস্তাম্বুলের ইয়েনিকাপি স্কয়ারে রোববারের সমাবেশে ১০ লাখের বেশি মানুষ অংশ নেয়। আশপাশের এলাকাগুলোয়ও ছিল উপচে পড়া ভিড়। সরকারি সূত্রগুলো দাবি করছে, সমাবেশে ৫০ লাখ মানুষ হাজির হয়েছিল। এটি দেশের অন্যান্য প্রদেশের শহরে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করলে সেখানেও ভিড় জমে।

সমাবেশে এরদোয়ান বলেন, ‘মৃত্যুদণ্ড নিয়ে তুর্কি পার্লামেন্টে সিদ্ধান্ত হবে। আমি আগাম ঘোষণা দিচ্ছি... পার্লামেন্টের সিদ্ধান্ত অনুমোদন করব। ওরা বলে, ইইউতে মৃত্যুদণ্ড নেই...কিন্তু যুক্তরাষ্ট্রে তো আছে, চীনে আছে, জাপানেও আছে—বিশ্বের অধিকাংশ দেশে আছে। তুরস্কে ১৯৮৪ সাল পর্যন্ত মৃত্যুদণ্ডের বিধান ছিল। সার্বভৌমত্ব জনগণের, তারা চাইলে, আমি মনে করি, রাজনৈতিক দলগুলোও সায় দেবে।’ গুলেনের সমর্থকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে এরদোয়ান ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ‘১৫ জুলাই আমাদের বন্ধুদের কাছে প্রমাণ হয়েছে, এই দেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক হামলার বিরুদ্ধে শক্তিশালী জবাব দেওয়ার পাশাপাশি সামরিক অন্তর্ঘাতও মোকাবিলা করতে পারে।’

সমাবেশে এরদোয়ানের আগে বক্তব্য দেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তিনি বলেন, ফেতুল্লা গুলেনকে তুরস্কে ফিরিয়ে আনা হবে। তিনি যে কাজ করেছেন, তার মাশুল আদায় করা হবে। সমাবেশে আরও বক্তব্য দেন তুর্কি সশস্ত্র বাহিনীর প্রধান হুলুসি আকর। তিনি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিতে সহায়তা করায় বেসামরিক জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশদ্রোহীদের’ উপযুক্ত সাজা দেওয়া হবে। অভ্যুত্থানচেষ্টার জেরে সরকারি কর্মকর্তাদের চাকরিচ্যুতির পাশাপাশি তুর্কি সামরিক বাহিনীতেও রদবদল করা হচ্ছে। এ পর্যন্ত দেশটিতে প্রায় ১৮ হাজার মানুষকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে।

ফেতুল্লা গুলেন একসময় প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ ছিলেন। তিন বছর আগে তাঁদের সম্পর্কের অবনতি হয়।