মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প
তিউনিসিয়ার রাজধানী তিউনিস থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণে সুস এলাকায় ইমপেরিয়াল মারাহাবা হোটেলসংলগ্ন সৈকতে গত শুক্রবার এক হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে ৩৮ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জনই ব্রিটিশ নাগরিক। পরে পুলিশের গুলিতে হামলাকারী সাইফুদ্দিন রেজগুই নিহত হন। ভয়ংকর ওই হামলার হাত থেকে বেঁচে যাওয়া ব্রিটিশ নাগরিকদের কয়েকজন বিবিসির সঙ্গে কথা বলেছেন। তাঁদের সেই বর্ণনায় উঠে এসেছে হামলার ভয়াল চিত্র। সেখান থেকে উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরা হলো।

মড়ার মতো পড়েছিলাম
হামলাকারী যখন এলোপাতাড়ি গুলি চালাচ্ছিল, তখন অ্যাংগেলা ইভান্স ও তাঁর বন্ধু মড়ার মতো বালিতে মুখ থুবড়ে পড়ে ছিলেন। ইভান্স বলেন, ‘দৌড়ানোর কোনো সুযোগ ছিল না। কেননা সবাই উন্মুক্ত টার্গেটের শিকার। সে যে কারও পা লক্ষ্য করে গুলি করছিল। সে সবাইকে হত্যা করছিল। তাই আমরা দুজনেই বালুর মধ্যে মুখ লুকিয়ে মড়ার মতো পড়ে ছিলাম।’
ইভান্স বলেন, ‘সমানে গুলি চলতে লাগল। আর এই শব্দ ধীরে ধীরে আমাদের কাছে চলে এলো। সেই বন্দুকধারীর পা ঠিক আমার পাশে ছিল। আমি একদম নড়ছিলাম না। কেননা পরের টার্গেট আমি। মনে মনে ঈশ্বরকে ডাকছিলাম।’
ইভান্স আরও বলেন, ‘এর মধ্যে তাঁর বন্দুক থেকে ম্যাগাজিনটা বালিতে পড়ে গেল। তখনও মড়ার মতো পড়ে আছি। এরপর আবার গুলি শুরু হলো। সে বন্দুকে আরও গুলি ভরল। এরপর একটি শব্দ হলো। কিন্তু এটা কিসের শব্দ তা বুঝতে পারিনি। তবে আমি বুঝতে পারছিলাম সে গুলি ছুড়তে ছুড়তে চলে যাচ্ছিল।’
নোফক কাউন্টির ইভান্স জানান, বন্দুকধারী গুলি ছুড়তে ছুড়তে হোটেলের দিকে চলে যায়। তাঁরা যখন নিরাপদ বোধ করেন, তখন দৌড়ে আরেকটি হোটেলের দিকে পালিয়ে যান। সেই হোটেলের স্টাফরা তাঁদের অফিসে লুকিয়ে রাখে।

আমি হোটেল লন্ড্রিতে লুকিয়ে ছিলাম:
জন কার্টার ও তাঁর স্ত্রী লিন হুল বেড়াতে গিয়েছিলেন তিউনিসিয়ায়। গোলাগুলির ঘটনায় দুজনেই বিচ্ছিন্ন হয়ে পড়েন। যখন গুলির শব্দ শুনতে পান, তখন জন ডার্ট খেলছিলেন আর তাঁর স্ত্রী সূর্যস্নানে ছিলেন। জন বলেন, ‘আমরা পাঁচটি শব্দ পেলাম। তখন সবাই থমকে গেলাম। ভাবলাম হয়তো আতশবাজি ফোটানো হচ্ছে। কিন্তু এরপর আমরা একটানা প্রচণ্ড শব্দ শুনতে পেলাম। তখন হোটেলের এক স্টাফ বললেন “দৌড়াও”। লিন যেদিকে দৌড় দিল আমিও সেই পথে গেলাম। কিন্তু পথে এক বয়স্ক ব্যক্তিকে দৌড়ানোর কথা বলতে গিয়ে স্ত্রীকে হারিয়ে ফেলি। এরপর আমি হোটেলের রান্নাঘরের মধ্য দিয়ে গিয়ে লন্ড্রিতে লুকাই। বাইরে তখন বড় ধরনের বিস্ফোরণ ও গুলির শব্দ হচ্ছিল।’
জন বলেন, ‘আমি জানি না কী হচ্ছিল। যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে শুধু কয়েক জনের পা দেখতে পাচ্ছিলাম। তারা ভেতরে ঢোকার জন্য চিৎকার করছিল। আচমকা ওপর থেকে একজন এসে আমার ওপর পড়ল। তাকিয়ে দেখি আমার স্ত্রী।’ তিনি বলেন, তিউনিসিয়ার হোটেল স্টাফরা শত শত মানুষের প্রাণ বাঁচিয়েছে।

আমি মনে করেছিলাম এই বুঝি শেষ:
স্কানথ্রোপ থেকে বেড়াতে গিয়েছিল তরুণ দম্পতি ব্যকি ক্যাটারিক ও মার্ক বারলো। স্থানীয় এক দোকানি বন্দুকধারীর হাত থেকে তাঁদের বাঁচিয়েছেন। ক্যাটারিক বলেন, ‘আমরা একে অপরকে বিদায় বলতে চাইনি। কিন্তু বন্দুকধারী আমাদের দিকে এগিয়ে আসছিল তাই আমরা সবাই সবাইকে বললাম আমরা সবাই সবাইকে ভালোবাসি।’ বারলো বলেন, ‘আমরা ভেবেছি এই বুঝি শেষ।’

আমরা শুধু দৌড়িয়েছি:
যখন হামলা শুরু হয় তখন ২৫ বছর বয়সী শ্যালি হে ও ২৪ বছর বয়সী বেন মিল্টন ছিলেন সূর্যস্নানে। হে বলেন, ‘আমি শব্দ শুনে ভেবেছি হয়তো আতশবাজি ফোটানো হচ্ছে। কিন্তু বাঁয়ে তাকিয়ে দেখি সৈকতে সবাই যে যার মতো দৌড়াচ্ছে। অনেকটা পায়ের নিচে চাপা পড়ার মতো অবস্থা। আমরাও দৌড়াতে শুরু করলাম।’

মানবঢাল হয়ে বাঁচিয়েছে আমায়:
গুলি চলার সময় নিজেকে মানবঢাল হিসেবে ব্যবহার করে হবু স্ত্রী সায়রা উইলসনকে বাঁচিয়েছেন ম্যাথিও জেমস। তাঁরা ট্রিহাফোড থেকে বেড়াতে গিয়েছিলেন। জেমসের শরীরে, কাঁধে, বুকে ও কোমরে গুলি লাগে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন জেমস। উইলসন বলেন, ‘আমাকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খেয়েছে। আমি তার কাছে ঋণী। কারণ যখন গোলাগুলি শুরু হয়, তখন সে আমাদের সামনে এসে দাঁড়ায়। রক্তে জেমসের গা ভেসে যাচ্ছিল। তার পরও সে আমাকে বলছিল “দৌড়াও”।’

নরক:
বেলফাস্টের দম্পতি রবার্ট ম্যাকনজি ও তাঁর স্ত্রী উইলমা কেবলই হোটেল থেকে বের হয়েছিলেন। বন্দুকধারী তখন গুলি চালাচ্ছিল। হোটেলের দূরত্ব ছিল ঘটনাস্থল থেকে ৩০০ গজের মতো। ম্যাকেনজি বলেন, ‘আমার মনে হলো নরক ভেঙে পড়েছে। সবাই দৌড়াচ্ছিল। আমি কিছু দেখতে পাইনি। মানুষের দৌড়ের শব্দ ছাড়া কিছু শুনতে পাইনি। দেখলাম কিছু ঘোড়া আমাদের দিকে দৌড়ে আসছে।’ তিনি বলেন, ‘সত্যি বলতে কি, বন্দুকধারীরা যদি সেদিন আমাদের হোটেলের সামনের সৈকতে আসত, তাহলে আমরাও রক্ষা পেতাম না। ঈশ্বরের দয়ায় আমাদের সঙ্গে কিছু হয়নি।’

স্টাফরা গুলি খেতে প্রস্তুত ছিল:
কার্ডিফ থেকে জ্যাক রেনডেল তাঁর সঙ্গী হোলিয়ে নিকলিনকে নিয়ে ছুটি কাটাতে এসেছিলেন সুস এলাকায়। রেনডেল বলেন, বন্দুকধারীদের গুলির ভয়ে তাঁরা দৌড়ে পালান। আর মনে মনে ভয় পাচ্ছিলেন এই বুঝি পেছনে গুলি লাগল। ‘হোটেল স্টাফরা হোটেলের চারপাশে নিরাপত্তা লাইন তৈরি করেন। তাঁরা আমাদের রক্ষা করতে নিজেরা গুলি খেতে প্রস্তুত ছিলেন। তাঁদের ধন্যবাদ দেওয়া যথেষ্ট নয়।’
স্ত্রীকে চুমু খেয়ে বিদায় জানালাম:
চারপাশে গুলি, গ্রেনেড ও বিস্ফোরণের শব্দে ড্যানি তাঁর স্ত্রীকে নিয়ে একটি টেবিলের নিচে আশ্রয় নেন। তিনি বলেন, ‘আমি স্ত্রীকে চুমু খেয়ে বিদায় নিলাম। আর ভাবলাম এই বুঝি জীবনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।’

ম্যানচেস্টার থেকে যাওয়া এক দম্পতি জানান, তাঁরা যেখানে লুকিয়েছিলেন, সেখান থেকে ৪০০ গজ দূরে ছিল বন্দুকধারীরা। ছুটি কাটাতে সুসায় যাওয়া অলিভিয়া লিথলে বলেন, শত শত লোক সৈকত থেকে চিৎকার করে দৌড়ে পালাচ্ছিল। ছোট্ট একটি নিরাপত্তা লজে বন্ধুর সঙ্গে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন অলিভিয়া।

সবাই শুধু দৌড়াচ্ছিল:
যখন গুলি শুরু হয়, তখন বন্ধু পাউলা গিলের সঙ্গে সৈকতে ছিলেন মেলেনি ক্যালওয়ে। হ্যাম্পশায়ারের বাসিন্দা তাঁরা। ক্যালওয়ে বলেন, ‘এটি ছিল পুরোপুরি পাগলের মতো অবস্থা। জীবন বাঁচাতে লোকজন সৈকত থেকে চিৎকার করতে করতে হোটেলের দিকে দৌড়াচ্ছিলেন। এটা অনেকটা সুনামির দৃশ্যের মতো ছিল। জুতা ছাড়াই আমরা দৌড়ে ফুটপাতে আসি পাঁচ মিনিটে।’

বাঁচব কি না, তা নিয়ে শঙ্কিত ছিলাম:
নর্থহ্যাম্পটনশায়ার থেকে বাবা-মা ও চাচাতো ভাইয়ের সঙ্গে বেড়াতে এসেছিলেন গ্র্যামি স্কট। ঘটনার সময় তাঁরা হোটেলের সুইমিংপুলের পাশে শুয়ে ছিলেন। শব্দ পেয়ে তিনি তাঁর বাবাকে বলেছিলেন এটি গুলির শব্দ। কিন্তু বাবা বললেন, না, এটা পটকার শব্দ। কিন্তু এটি গুলির শব্দ নিশ্চিত হওয়ার পর তাঁরা হোটেলের হলরুমের দিকে দৌড় দেন। গ্র্যামি বলেন, ‘আমরা একটি নিরাপদ আশ্রয় চাচ্ছিলাম। পরে আমরা মাটির নিচে হোটেলের ভান্ডারঘরে আশ্রয় নিই। সেখানে আমাদের মতো ২০ জন ছিলেন। দরজা বন্ধ করে আমরা চুপচাপ বসে থাকি। আমরা বাঁচতে পারব কি না—তা নিয়ে খুব ভয় পাচ্ছিলাম।’