মেলিতপোলের মেয়র মুক্ত
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মেলিতপোলের মেয়রকে মুক্তি দেওয়া হয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষ গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।
মেলিতপোলের মেয়র ইভান ফেদরোভকে স্থানীয় সময় গত শুক্রবার রুশ সেনারা তুলে নিয়ে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই অভিযোগ করেছিল ইউক্রেনের পার্লামেন্ট।
ইউক্রেনের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা মেলিতপোলের মেয়র ইভান শত্রুদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাই তাঁকে দখলদার রুশ সেনারা তুলে নিয়ে যান।
ইভানের মুক্তি নিশ্চিত করতে গত শনিবার ফ্রান্স ও জার্মানির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি।
গতকাল টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, ফোনে মেয়র ইভানের সঙ্গে কথা বলছেন জেলেনস্কি। এ সময় ইভানকে প্রেসিডেন্ট বলেন, তিনি যে জীবিত আছেন, তাঁর কণ্ঠস্বর শুনতে পেরে তিনি খুশি।
জবাবে ইভান বলেন, তিনি অনেক ভালো আছেন।
জেলেনস্কিকে ইভান আরও বলেন, ‘আমাকে পরিত্যাগ না করার জন্য আপনাকে ধন্যবাদ। আমার সুস্থ হতে এক বা দুই দিন লাগবে। তারপর আমি আমাদের জয়ে অবদান রাখতে আপনার অধীন কাজ করব।’
ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র দাশা জারিভনা গতকাল গভীর রাতে দেশটির টেলিভিশনে বলেন, বন্দী বিনিময়ের মাধ্যমে ইভানকে মুক্ত করা হয়েছে। ইউক্রেনের হাতে বন্দী হওয়া ২০ থেকে ২১ বছর বয়সী ৯ রুশ সেনার বিনিময়ে ইভান মুক্তি পেয়েছেন।
ইউক্রেনে আরও একটি শহরের মেয়রকে রুশ বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ আছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার ভাষ্যমতে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রোরুদনের মেয়র ইয়েভেন মাতভিয়েভকে গত রোববার রুশ সেনারা অপহরণ করেন।