মোদি-নওয়াজের কুশল বিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের রাজধানী প্যারিসে কুশল বিনিময় করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুই নেতা এখন প্যারিস রয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতির বরাত দিয়ে ডন জানায়, জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার এক ফাঁকে গতকাল সোমবার মোদি ও নওয়াজ করমর্দনের পাশাপাশি কুশলও বিনিময় করেন। এ সময় দুই নেতাকেই হাস্যোজ্জ্বল দেখা যায়। বিবৃতিতে বলা হয়, দুই নেতার আলোচনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এনডিটিভির খবরে বলা হয়, দুই নেতা একটি কক্ষে সোফায় পাশাপাশি বসে কয়েক মিনিট কথা বলেন। এ সময় মোদিকে কিছু একটা বলতে দেখা যায়। আর নওয়াজ শরিফকে দেখা যায় মন দিয়ে মোদির সে কথা শুনছেন। সে সময় দুই দেশের অন্য কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না।