মেয়েদের সাঁতার শিখতে হবে পুরুষের সঙ্গেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডের মুসলিম মেয়েদের পুরুষদের সঙ্গে মিশ্র শ্রেণিতেই সাঁতার শিখতে হবে। দুজন মুসলিম অভিভাবকের দায়ের করা মামলার রায়ে এ আদেশ দিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)।

রায়ে বলা হয়, কর্তৃপক্ষ বিদ্যালয়ে পূর্ণাঙ্গ পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে শিশুদের সমাজের উপযোগী করে গড়ে তোলার জন্য এটা সমর্থনযোগ্য ছিল। ইসিএইচআর স্বীকার করেছে যে এতে ধর্মীয় স্বাধীনতায় কিছুটা হস্তক্ষেপ করা হয়েছিল। কিন্তু কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলে জানান বিচারক।

তুর্কি বংশোদ্ভূত দুই সুইস নাগরিক এ বিষয়ে মানবাধিকার আদালতে মামলা করেছিলেন। ব্যাসেল শহরে বাধ্যতামূলক মিশ্র পাঠ শিক্ষায় তাঁরা তাঁদের কিশোরী কন্যাকে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
তবে শিক্ষা কর্মকর্তারা বলেন, এটা শুধু বয়ঃসন্ধি বয়সের মেয়েদের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু তারা সেই বয়সে পৌঁছেছিল না।

এ নিয়ে দীর্ঘদিন চলমান বিবাদের পর ২০১০ সালে ওই অভিভাবকদের দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ৪০০ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়। তখন তারা যুক্তি দেখান যে এ ধরনের আচরণ ইউরোপীয় কনভেনশনের নবম অনুচ্ছেদ অনুযায়ী মানবাধিকার বিষয়ে চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতার লঙ্ঘন।

ইউরোপীয় মানবাধিকার আদালত এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের নির্দেশনা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল ছিল। কিন্তু সেখানে আরও উল্লেখ করা হয়, আইন অনুযায়ী যেকোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা থেকে বিদেশি ছাত্রদের রক্ষা করার পরিকল্পনা করা হয়েছিল এবং সুইজারল্যান্ড তাদের নিজস্ব চাহিদা ও ঐতিহ্য অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থা প্রণয়ন করার অধিকার রাখে।

এতে বলা হয়, শিক্ষা সামাজিক মূল্যবোধ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কিছু শিক্ষা শুধু পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী সমর্থনযোগ্য।