মোনালিসার খোঁজে...

মোনালিসার মুখে ওটা কি হাসি? নাকি অন্য কিছু? এতকাল মোনালিসার হাসির রহস্য খুঁজতে গিয়ে হন্যে হয়েছেন গবেষকেরা। ১১ মার্চ লুভ জাদুঘর দেখতে গিয়ে জানা হলো আরেক নতুন তথ্য। মোনালিসার মুখে ওটা নাকি আদৌ হাসি নয়। ওটা আসলে সুখের অনুভূতি! দাবি আরেক দল গবেষকের।
এই দাবি কতটা সত্যি, সেটা সময়ই বলে দেবে।
পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম বলে মনে করা হয় মোনালিসাকে। স্বাভাবিকভাবেই তাবৎ শিল্পপ্রেমীদের প্রবল আগ্রহ ইতালির অমর শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির এই চিত্রকর্ম ঘিরে। এটি নিয়ে যুগে যুগে গবেষণারও তাই শেষ নেই।
আনুমানিক ১৫০৩ থেকে ১৫১৯ সালের মধ্যে এই তৈলচিত্রটি এঁকেছিলেন ভিঞ্চি। তাঁর মোনালিসা এখনো কতটা জনপ্রিয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর লুভ দেখতে গিয়ে এর প্রমাণ মিলল আরও একবার।

লুভের

অন্দরে
ফ্রান্সের প্যারিসের প্রাণকেন্দ্রে এই জাদুঘরে দুনিয়া কাঁপানো ভাস্কর্য আর চিত্রকর্মের কোনো শেষ নেই। পুরো জাদুঘরটা এত বড় যে সেটা মাত্র এক দিনে মন দিয়ে দেখা আসলে অসম্ভব।
ভিড় এড়াতে সকাল সকাল গিয়েছিলাম। কিন্তু লাভ হলো না বিশেষ। লম্বা সারি পার হয়েই ঢুকতে হলো লুভে। ঢুকেই প্রথম স্বাভাবিক প্রশ্ন, কোন দিকে মোনালিসা? উত্তরটা আসলে খুব সহজ। মানুষের সবচেয়ে বড় সারি যেদিকে, মোনালিসা সেদিকেই।
অন্য কোনো শিল্পকর্মের বালাই নেই। খানিক পর পর মোনালিসা কোনো দিকে, সেই নির্দেশনা দেওয়া আছে পরিষ্কার। বোঝাই যাচ্ছে, কেন মোনালিসাকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম।
এঘর-ওঘর ঘুরে, ডানে-বাঁয়ে আর একতলা-দোতলা হয়ে আমরা শেষমেশ পৌঁছে গেলাম মোনালিসার কাছে।
নানা দেশি দর্শকেরা তখন যেন ছেঁকে ধরেছে ছবিটাকে। চলছে তুমুল সেলফি। কয়েকজনকে দেখা গেল একটু বেশি অগ্রসর।
মোনালিসার হাসি নকল করে খোদ মোনালিসার সামনেই ছবি ওঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা! মোনালিসার আসলেই কোনো তুলনা হয় না।