মোবাইলে খুদে বার্তা লিখতে আলাদা লেন!

পথ চলার সময়ও জরুরি প্রয়োজনে মোবাইলে খুদে বার্তা পাঠাতে হতে পারে। সে সময় পথের দিকে নজর রাখাও হয়তো হয়ে ওঠে না। আর এমন হলে বিপরীত দিক থেকে আসা পথচারী বা বিদ্যুতের খুঁটির মতো কিছুর সঙ্গে ধাক্কা খাওয়া মোটেই অসম্ভব নয়। এমন পরিস্থিতি এড়াতেই বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহর ‘টেক্সট ওয়াকিং লেন’ তৈরি করেছে। যারা হাঁটতে হাঁটতে ‘টেক্সট’ বা খুদে বার্তা লেখায় অভ্যস্ত, তাদেরই জন্য এই লেন।
অভিনব ধারণাটি এসেছে শহরটিরই একটি স্মার্টফোন প্রতিষ্ঠান এমল্যাব কর্তৃপক্ষের মাথা থেকে। এর একজন মুখপাত্র বলেন, ‘হাঁটার সময় খুদে বার্তা পাঠাতে ব্যস্ত থাকলে আশপাশের অবস্থার ওপরে লোকের মোটেও মনোযোগ থাকে না।...এর ফলে তারা খুঁটি বা অন্য পথচারীর সঙ্গে ধাক্কা খায়। এতে করে প্রাণটাও ঝুঁকিতে পড়তে পারে। সেই অবস্থা এড়াতেই আমাদের এই উদ্যোগ।’
বিশেষ লেনটি আপাতত অস্থায়ী ভিত্তিতে করা হলেও এটি স্থায়ী করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এমল্যাবের ভাষ্য, হাঁটার সময় খুদে বার্তা লিখতে গিয়ে ধাক্কা খাওয়ার ফলে পড়ে গিয়ে মুঠোফোন ভেঙে যাওয়ার ঘটনা অহরহই ঘটে থাকে। তাই এমন উদ্যোগ বেশ কাজে দেবে। সূত্র: বিবিসি