ম্যাখঁর প্রচারণা লক্ষ্যবস্তু করেছিল রুশ হ্যাকাররা
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফার ভোটে এগিয়ে থাকা প্রার্থী ইমানুয়েল ম্যাখঁর নির্বাচনী প্রচারকাজকে লক্ষ্যবস্তু করেছিল রুশ হ্যাকাররা। সাইবার নিরাপত্তাবিষয়ক একটি সংগঠনের প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তাবিষয়ক জাপানভিত্তিক কোম্পানি ট্রেন্ড মাইক্রো গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলেছে, পন স্টর্ম নামের রুশ হ্যাকারদের দলটি ‘ফিশিং’ কৌশল ব্যবহার করে ইমানুয়েল ম্যাখঁ ও তাঁর দলের সদস্যদের ব্যক্তিগত তথ্য এবং নির্বাচনী শিবিরের তথ্য চুরির চেষ্টা করেছে।
‘এপিটি ২৮’ নামে পরিচিত পন স্টর্ম হ্যাকার দলটির সঙ্গে রাশিয়ার সরকারের নিরাপত্তা বিভাগের সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনী শিবিরে হ্যাকিংয়েও এই দলটি জড়িত ছিল বলে ধারণা করা হয়।
ইমানুয়েল ম্যাখঁর প্রতিদ্বন্দ্বী ও প্রথম দফার ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা কট্টর ডানপন্থী মারি লো পেনের জোরালো সমর্থক মস্কো। নির্বাচনের আগে লো পেন আকস্মিক এক সফরে মস্কো গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে গত সোমবারই ফ্রান্সের নির্বাচনে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে রাশিয়া।
বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটে জিতে ইমানুয়েল ম্যাখঁই প্রেসিডেন্ট হবেন। তবে হাল না ছাড়া লো পেন বলেছেন, ‘আমরা জিততে পারব, আমরাই জিতব।’
সোমবার রাতে মারি লো পেন তাঁর ইইউ ও অভিবাসনবিরোধী দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ‘দলনিরপেক্ষভাবে দেশ চালানোর’ সুবিধার জন্য তিনি দলীয় পদ ছাড়ছেন বলে জানিয়েছেন লো পেন।
গত রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শীর্ষ দুজনের মধ্যে ৭ মে দ্বিতীয় দফা ভোট হবে।