ম্যাখোঁতেই আস্থা ফরাসিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দিচ্ছেন ইমানুয়েল ম্যাখোঁ (বাঁয়ে) ও মারিন লো পেন
ভোট দিচ্ছেন ইমানুয়েল ম্যাখোঁ (বাঁয়ে) ও মারিন লো পেন

প্রথম দফার ভোটে তুমুল প্রতিদ্বন্দ্বিতাই হয়েছিল। তবে দ্বিতীয় দফায় এসে প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানেই হারালেন ইমানুয়েল ম্যাখোঁ। হলেন ফ্রান্সের সবচেয়ে কম বয়সী (৩৯) প্রেসিডেন্ট। ফরাসিরা আস্থা রাখল তাঁর ওপর।
গতকাল রোববার দ্বিতীয় দফায় ভোট দেয় ফরাসিরা। প্রাথমিক হিসাব অনুযায়ী, মধ্য ডানপন্থী ম্যাখোঁ পেয়েছেন প্রায় ৬৫ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী কট্টোর ডানপন্থী মারিন লো পেন (৪৮) পেয়েছেন ৩৫ শতাংশের মতো ভোট। মোট ভোট পড়ে ৬৫ দশমিক ৩ শতাংশ।
জনগণের রায় মোটামুটি পরিষ্কার হওয়ার পর পরাজয় স্বীকার করে নেন লো পেন। জানান, তাঁরাই এখন দেশের প্রধান শক্তি। দ্বিতীয় দফায় যারা ম্যাখোঁকে সমর্থন দিয়েছিল, তারা আর গ্রহণযোগ্য বিরোধী দল বলে বিবেচিত হবে না।
লো পেনসহ বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন ম্যাখোঁকে। আর ম্যাখোঁ ধন্যবাদ দিয়েছেন দেশের জনগণকে। সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ‘আমাদের দেশের দীর্ঘ ইতিহাসে আজ থেকে নতুন অধ্যায় শুরু হলো।’ দেশকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমার দায়িত্ব হবে ভীতি দূর করা এবং আশাবাদ জাগানো।’
প্রথম দফার ভোট হয় গত ২৩ এপ্রিল। কোনো প্রার্থীই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাননি। ১১ প্রার্থীর মধ্যে ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন ম্যাখোঁ। দ্বিতীয় অবস্থানে ছিলেন লো পেন, পান ২১ দশমিক ৩ শতাংশ ভোট।
প্রথম থেকেই এই নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। এর ওপর দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারের একেবারে শেষ মুহূর্তে গুজব, বিস্ময় ও হ্যাকিংয়ের মাধ্যমে ম্যাখোঁর প্রচার-তথ্য চুরির অভিযোগ ইত্যাদি ঘটনা ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এই অবস্থায় ইউরোপের ঐক্যপন্থী এবং ব্যবসাবান্ধব হিসেবে পরিচিত ম্যাখোঁ এবং ইউরোপীয় ইউনিয়নবিরোধী কট্টর জাতীয়তাবাদী লো পেনের মধ্যে কে শেষ হাসি হাসেন, তা দেখতে সাগ্রহ অপেক্ষায় ছিল ইউরোপসহ গোটা বিশ্ব। কারণ, প্রথাগত শীর্ষ দলগুলোর কোনো প্রার্থীই এবার প্রথম দফার ভোটের বাধা ডিঙাতে পারেননি। দ্বিতীয় দফায় যে দুজন মুখোমুখি হন, তাঁদের আদর্শিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন। দেশকে মোটের ওপর সম্পূর্ণ বিপরীত গন্তব্যে নিতে পারেন তাঁরা। লো পেন খোলাখুলিই বলেছিলেন, এই লড়াই ‘বিশ্বায়নপন্থীদের’ বিরুদ্ধে ‘জাতীয়তাবাদীদের’। ম্যাখোঁর নতুন দল অঁ মার্শ (অন দ্য মুভ) যেখানে মুক্তবাণিজ্য, অভিবাসন ও যৌথ সার্বভৌমত্বের জন্য দুয়ার খুলে দেয়, সেখানে লো পেনের জাতীয়তাবাদী ন্যাশনাল ফ্রন্ট শক্তিশালী সীমান্ত এবং জাতীয় স্বাতন্ত্র্য সুরক্ষার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে।
শেষ পর্যন্ত ম্যাখোঁর ওপর আস্থা রাখল ফরাসিরা। অথচ এর আগে কখনোই কোনো নির্বাচন করেননি তিনি। বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ২০১৪ সালে তাঁকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত জনগণের মধ্যে বলতে গেলে অপরিচিতই ছিলেন। তিনি মাত্র গত আগস্টে দল গঠন করেন। তাঁর দলে এ পর্যন্ত আড়াই লাখ সদস্য যোগ দিয়েছেন। নির্বাচনী প্রচারাভিযানে ম্যাখোঁ অঙ্গীকার করেন, প্রেসিডেন্ট হলে রাষ্ট্রীয় ব্যয় কমাবেন, শ্রম আইন শিথিল করবেন, বঞ্চিত এলাকাগুলোয় শিক্ষার সুযোগ বাড়াবেন এবং আত্মকর্মসংস্থানে যুক্ত মানুষের সুরক্ষায় নতুন ব্যবস্থা নেবেন।
গত কয়েক বছরে একাধিক সন্ত্রাসী হামলার শিকার হয় ফ্রান্স। এ কারণে এবার নির্বাচন নিয়ে উদ্বেগ ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তার জন্য গতকাল ফ্রান্সজুড়ে ৫০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে ভোটের পরপরই প্যারিসের পূর্বাংশে ম্যাখোঁ ও লো পেনের বিরুদ্ধে বিক্ষোভ করে প্রায় পাঁচ শ মানুষ। তাদের সরাতে পুলিশকে কাঁদানে গ্যাসও ছুড়তে হয়।