ম্যাখোঁর মিশ্র মন্ত্রিসভায় অর্ধেক নারী
ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গতকাল বুধবার তাঁর মন্ত্রিসভা ঘোষণা করেছেন। ডান ও বামের ব্যবধান ঘোচাতে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রান্ত থেকে সদস্য বেছে নিয়েছেন তিনি। একই সঙ্গে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তিনি মন্ত্রিসভার অর্ধেক সদস্যপদ দিয়েছেন নারীদের।
এ সপ্তাহের গোড়ার দিকে রক্ষণশীল নেতা রিপাবলিকান দলের এদুয়ার্দ ফিলিপকে প্রধানমন্ত্রী নিয়োগের পর বিদায়ী সোশ্যালিস্ট প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভ লো দ্রিয়াঁকে গতকাল পররাষ্ট্র ও ইউরোপবিষয়ক মন্ত্রী ঘোষণা করেছেন ম্যাখোঁ। মধ্য ডান রিপাবলিকান পার্টির নেতা জার্মান ভাষায় দক্ষ ইউরোপপন্থী ব্রুনো লো মেয়াখকে বেছে নিয়েছেন অর্থমন্ত্রী হিসেবে। লিওঁর সোশ্যালিস্ট মেয়র জেরার্দ কোলমকে করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।
ম্যাখোঁ মন্ত্রিসভায় লৈঙ্গিক সাম্য আনার অঙ্গীকার করেছিলেন। তবে শীর্ষ পাঁচ মন্ত্রণালয়ের মধ্যে কেবল একটি (প্রতিরক্ষা) গেছে একজন নারীর হাতে। অবশ্যই কথামতো তিনি ২২ সদস্যের মন্ত্রিসভায় ১১ জন নারীকে নিয়োগ দিয়েছেন। যদিও সংস্কৃতি, শ্রম ও ক্রীড়ার মতো তুলনামূলকভাবে কম গুরুত্বের মন্ত্রণালয় দেওয়া হয়েছে তাঁদের।