ম্যাখোঁকে বিশ্বনেতাদের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমানুয়েল ম্যাখোঁ। এক বছর আগে তিনি বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সরকারের সদস্য ছিলেন। এর আগে ফরাসিদের কাছে তেমন একটা পরিচিত ছিলেন না তিনি। অথচ ৩৯ বছর বয়সী এই মধ্যপন্থী ম্যাখোঁই এখন ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট।

ম্যাখোঁ গত আগস্টে মন্ত্রিসভা ত্যাগ করে নতুন রাজনৈতিক আন্দোলন শুরু করেন। এক বছরে ম্যাখোঁর দল অঁ মার্শ আড়াই লাখ সদস্য পেয়েছে। তাঁর বিজয়ে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা।

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইমানুয়েলকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ইমানুয়েল ম্যাখোঁর বড় বিজয়ে তাঁকে অভিনন্দন। আমি তাঁর সঙ্গে কাজ করতে খুব আগ্রহী।’

.
.

জার্মানি

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র বলেছেন, ‘ইমানুয়েল ম্যাখোঁকে অভিনন্দন। আপনার এ বিজয় শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউরোপ এবং ফ্রান্স-জার্মানির বন্ধুত্বের বিজয়।’

.
.

রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ম্যাখোঁ মস্কো ও প্যারিসের মধ্যে সম্পর্কের গভীর ফারাক দূর করে সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এক টেলিগ্রাম বার্তায় তিনি অভিনন্দন জানিয়ে বলেন, ইউরোপ ও পুরো বিশ্ব সম্প্রদায়ের সামনে যখন কঠিন একসময়, তখন ফ্রান্সের জনগণ আপনার ওপর আস্থা রেখেছে। সন্ত্রাসের ক্রমবর্ধমান হুমকি ও এই পরিস্থিতিতে পারস্পরিক অনাস্থা কাটিয়ে ওঠা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করতে হবে।

.
.

ব্রিটেন

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী থেরেসা মে নতুন এই প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। ফ্রান্স আমাদের এক ঘনিষ্ঠ মিত্র। তাই নতুন প্রেসিডেন্টের সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে বিশাল পরিসরে কাজ করতে আমরা আগ্রহী। থেরেসা মে এরই মধ্যে ব্রেক্সিট নিয়ে ম্যাখোঁর সঙ্গে আলাপ করেছেন। আমরা ইইউ জোট ত্যাগ করলেও যুক্তরাজ্য নিরাপদ ও সমৃদ্ধ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দৃঢ় অংশীদারত্ব রাখতে আগ্রহী।

.
.

ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জুঙ্কার টুইট বার্তায় লেখেন, ফ্রান্স ইউরোপের একজন ভবিষ্যৎ নেতা নির্বাচন করায় খুশি হয়েছি। ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক অভিনন্দন জানিয়ে বলেন, ফ্রান্স স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্বকে বেছে নিয়েছে।
ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্তোনিও তাজানি এএফপিকে বলেন, ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের পক্ষ থেকে আমরা একটি আস্থা ভোট পেয়েছি।

.
.

চীন
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, বিশ্বের উন্নয়ন ও শান্তির জন্য দুই দেশ দায়িত্বশীল ভূমিকা রাখবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সির অভিনন্দনবার্তার বরাত দিয়ে বলেন, দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চীন ফ্রান্সের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

.
.

জাপান
প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেন, ম্যাখোঁর বিজয় অন্তর্মুখিতা ও সংরক্ষণবাদী পদক্ষেপের বিরুদ্ধে প্রতীকী বিজয় এবং ইইউতে এটি একটি আস্থা ভোট হিসেবে দৃশ্যমান।

ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমি অভিনন্দন জানান। তিনি আশা করেন, দুই দেশের সম্পর্ক নতুন যুগে প্রসারিত হবে।

.
.

কানাডা
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, প্রগতিশীল এজেন্ডা থেকে শুরু করে আন্তর্জাতিক নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধি এবং আটলান্টিকের উভয় পাশে ভালো ও মধ্যবিত্তদের জন্য কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে ম্যাখোঁর সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।

গ্রিস
প্রধানমন্ত্রী অ্যালেক্স সিপরেস বলেন, ম্যাখোঁর বিজয় ফ্রান্স ও ইউরোপের জন্য এক অনুপ্রেরণা।