ম্যাখোঁর জনপ্রিয়তা কমছেই

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর জনপ্রিয়তায় ধস অব্যাহত রয়েছে। সোমবার প্রকাশিত একটি নতুন জরিপ অনুযায়ী, ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা এখন ৩০ শতাংশে নেমে গেছে। ফ্রান্সের ইউজভ পরিচালিত ওই জরিপের ফলাফল হাফিংটন পোস্ট ও সিনিউজের মাধ্যমে প্রকাশ করা হয় বলে এএফপির খবরে জানানো হয়েছে।
গত মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ইমানুয়েল ম্যাখোঁ। নির্বাচিত হওয়ার পরই ম্যাখোঁ বেশ কিছু বিষয়ে তাঁর কৌশল পাল্টে ফেলেন, যা তাঁর ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপর গত জুন মাস থেকেই তাঁর জনপ্রিয়তা কমতে শুরু করে বলে এক জরিপে প্রকাশ করা হয়। তখন তাঁর জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছিল ৪৩ শতাংশ। আর এক মাস আগে তা নেমে দাঁড়ায় ৩৬ শতাংশে।
আগের দুই জরিপের তথ্য প্রত্যাখ্যান করেছেন ম্যাখোঁ। গত বুধবার লি-পয়েন্ট সাপ্তাহিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর দায়িত্ব গ্রহণের ১০০ দিন নিয়ে যেসব তথ্য প্রকাশ করা হয়েছিল, সেগুলো ছিল অপ্রাসঙ্গিক। তিনি বলেন, ‘আগামী কয়েক মাস আমাকে জনগণের অধৈর্যের সঙ্গে কাটাতে হবে।’
এই সাক্ষাৎকারের পরের দিনই ম্যাখোঁর সরকার শ্রমনীতি নিয়ে একটি সংশোধনী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। পুনর্গঠিত এই চুক্তি স্বাক্ষর তাঁর সামর্থ্যের পরীক্ষা নেবে। কেননা, ব্যবসা-বান্ধব নীতি পরিবর্তনের কারণে শ্রম বিক্ষোভের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ফ্রান্সে বেকারত্বের হার ৯ দশমিক ৫ শতাংশ, যা যুক্তরাজ্য বা জার্মানির প্রায় দ্বিগুণ। ফ্রান্সের কঠোর শ্রম আইনের মাধ্যমে এটির মোকাবিলা করাকেই তিনি প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন।
সোমবার প্রকাশিত এই জরিপে প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপের জনপ্রিয়তায়ও ভাটা পড়েছে। তবে সেটা প্রেসিডেন্ট ম্যাখোঁর চেয়ে একটু ভালো। ফিলিপের জনপ্রিয়তার হার ৩৭ শতাংশ থেকে কমে ৩২ শতাংশে নেমে এসেছে।