ম্যার্কেল-পুতিন গোপন আলোচনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন-সংকটের ‘শান্তিপূর্ণ’ সমাধানের মাধ্যমে আন্তর্জাতিক উদ্বেগের অবসান ঘটাতে জার্মানি ও রাশিয়া একটি গোপন ও উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কাজ করছে। দুই দেশের নেতা আঙ্গেলা ম্যার্কেল ও ভ্লাদিমির পুতিন এ লক্ষ্যে আলোচনাও করেছেন। তবে চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। খবর ইনডিপেনডেন্ট পত্রিকা ও বিবিসির।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট পুতিন ও জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের বৈঠকে ইউক্রেনের সীমান্তে স্থিতিশীলতা এবং সে দেশে গ্যাস সরবরাহ নিশ্চিত করে চুক্তি সম্পাদনের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তাঁরা অর্থনৈতিক সংকটগ্রস্ত ইউক্রেনের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ব্যাপারে সহায়তা করতে চান। তবে ম্যার্কেলের উদ্যোগে এ ধরনের চুক্তি রাশিয়াকে মেনে নিতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কেও ক্রিমিয়ার স্বাধীনতা এবং রাশিয়ায় এর অন্তর্ভুক্তিকে স্বীকৃতি দিতে হবে। অনেকের জন্য ব্যাপারটি মেনে নেওয়া বেশ কঠিন হবে।
একাধিক সূত্র দাবি করছে, সম্ভাব্য গোপন ওই চুক্তির আওতায় ইউক্রেনে স্থিতিশীলতার পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপে দেশটির পূর্বাঞ্চলে সক্রিয় রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা বন্ধ করতে হবে মস্কোকে। অঞ্চলটির হাতে কিছু কিছু বিষয়ে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্টকে ন্যাটোয় যোগদান থেকে বিরত রাখতে হবে। বিনিময়ে প্রেসিডেন্ট পুতিনও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কিয়েভের নতুন বাণিজ্যিক সম্পর্কে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে, রাশিয়া থেকে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার ব্যাপারে মস্কোর সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তি সম্পাদনের জন্য কিয়েভকে প্রস্তাব দেওয়া হবে। বর্তমানে এ ধরনের কোনো চুক্তি না থাকায় রাশিয়া থেকে ইউক্রেনে গ্যাস সরবরাহ দ্রুত কমে আসছে।
সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে ক্রিমিয়া দখল করে নেওয়ার জন্য ইউক্রেনকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দেবে রাশিয়া।
মালয়েশিয়া-নেদারল্যান্ডস আলোচনা: ইউক্রেনে মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭-এর দুর্ঘটনাস্থলে অনুসন্ধানের লক্ষ্যে সেখানে প্রবেশের বিষয়টি নিশ্চিত করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বৈঠক করবেন। ইউক্রেনের পূর্বাঞ্চলে গত বুধবার আবারও সংঘর্ষ হলে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সেখান থেকে সরে যান।
২৯৮ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি দুই সপ্তাহ আগে বিধ্বস্ত হয়। এতে নিহতদের ১৯৩ জনই নেদারল্যান্ডসের নাগরিক। ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি বিধ্বস্ত হয় বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে। তবে রাশিয়া ইউক্রেনের ওই যোদ্ধাদের অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে।