‘নিরাপত্তার স্বার্থে অভিবাসন নিয়ন্ত্রণ দরকার’
ম্যার্কেলের উদারনীতির সমালোচনা করলেন বাভারিয়ার প্রধানমন্ত্রী

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের শরণার্থী নীতির কঠোর সমালোচনা করেছেন তাঁর গুরুত্বপূর্ণ সহযোগী বাভারিয়া রাজ্যের প্রধানমন্ত্রী হর্স্ট সিহোফার।
দেশটিতে একের পর এক নৃশংস জঙ্গি হামলার ঘটনায় শরণার্থীদের জড়িত থাকার অভিযোগ ওঠায় ম্যার্কেলের দলের অভ্যন্তরেই সরকারের উদারনীতির সমালোচনা শুরু হয়েছে।
ম্যার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটসের সমমনা দল ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়নের নেতা হর্স্ট সিহোফার গত শনিবার রাজ্য সরকারের এক বৈঠকের পর বলেন, ২০১৫ সালে জার্মানিতে প্রায় ১১ লাখ শরণার্থী ও অভিবাসী প্রবেশ করেছেন। জার্মানি তাঁদের জায়গা দিতে পারবে বলে ম্যার্কেল ঘোষণা দিলেও তিনি এ বিষয়ে একমত নন। সিহোফার বলেন, পরিস্থিতি খুবই সংকটময়।
সহিংস হামলার ঘটনার আগেই শরণার্থীদের ব্যাপারে উদারনীতির বিরোধিতা করেছেন সিহোফার। সেই প্রসঙ্গের উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সব অনুমান সত্যি প্রমাণ হয়েছে। সমস্যাটা অনেক বড়। সমাধানের লক্ষ্যে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো একেবারেই অপর্যাপ্ত। দেশের নিরাপত্তার স্বার্থে অভিবাসন নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা দিয়েছে।’
শরণার্থীদের জন্য দরজা খুলে দেওয়ার নীতির কারণে ম্যার্কেল আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় কেন্দ্রীয় নির্বাচনে জনপ্রিয়তা হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, সন্ত্রাসীরা জার্মানির শরণার্থী নেওয়ার প্রস্তুতিকে স্তিমিত করে দিতে চায়। কিন্তু সরকার এর বিরুদ্ধে।
সন্ত্রাসী হামলা রোধে চ্যান্সেলর ম্যার্কেল বরং তথ্য সংগ্রহে নতুন ব্যবস্থা নেওয়াসহ ইন্টারনেটে অস্ত্র বিক্রি ঠেকানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মতো আরও বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
সম্প্রতি জার্মানির বাভারিয়ায় দুটো হামলার ঘটনা ঘটিয়েছে আশ্রয়প্রার্থীরা। গত রোববার আনসবাখ শহরে আত্মঘাতী বোমা হামলা চালায় এক সিরীয়। ১৮ জুলাই এ রাজ্যেই ট্রেনে কুড়াল ও ছুরি নিয়ে হামলা চালানো তরুণও ছিল এক আফগান আশ্রয়প্রার্থী।