ভোভা জানে না তার জানালার বাইরেই ধ্বংসাত্মক বোমা পড়ছে। শহরময় বেজে চলা সাইরেনের শব্দের মানেও সে জানে না। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাদের গোলায় ক্ষতবিক্ষত শহরের বিষয়ে তার কোনো ধারণা নেই। তার সহজ-সরল চাওয়ার মধ্যে রয়েছে নিজের খেলনা দিয়ে বাড়ি বানানো আর মায়ের মুঠোফোনে গান শোনা ও কার্টুন দেখা।
বলা হচ্ছে, কিয়েভের বাসিন্দা ১৭ বছর বয়সী ভলোদিমিরের কথা। যার ডাকনাম ভোভা। সে ইউক্রেনের হাজারো বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের একজন। তার সার্বক্ষণিক দেখাশোনা অত্যাবশ্যক। প্রায়ই ভোভার খিঁচুনি ওঠে। ভোভার মা নাতালিয়া কোমারেঙ্কোর মতে, যুদ্ধ চলাকালে তাঁর ছেলের খিঁচুনির চিকিৎসা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।
নাতালিয়া বলেন, ‘আমরা প্রয়োজনীয় ওষুধগুলো সংগ্রহ করতে পারছি না। ওর ১০ বছর বয়স থেকে সে এসব ওষুধ খাচ্ছে।’ তিনি আরও বলেন, নিরাপদ আশ্রয়ের খোঁজে যাওয়া তাঁদের জন্য কোনো বিকল্প নয়। কারণ তাঁর ছেলের শারীরিক অবস্থার কারণে ভ্রমণ তাঁদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভোভা হাজারো বাসিন্দার মধ্যে একজন, যাঁরা শারীরিক সমস্যার কারণে কিয়েভ ছেড়ে যেতে পারছেন না।
নাতালিয়া বলেন, ‘আমরা ওকে ট্রেনে চড়িয়ে নিয়ে যেতে পারব না। কারণ, যেকোনো মুহূর্তে ওর খিঁচুনি উঠতে পারে। ওর শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। সে তার শৌচাগারে যাওয়ার বিষয়টিও সব সময় বলতে পারে না। ওকে একমুহূর্তের জন্যও একা রেখে যাওয়া যায় না।’ তিনি আরও বলেন, গাড়ি চালিয়ে ওকে কোথাও নিয়ে যাওয়াও ঝুঁকিপূর্ণ।
গোলার আঘাত থেকে বাঁচতে ঘরের বাইরে অন্য কোনো আশ্রয়শিবিরে যাওয়া তাঁদের জন্য প্রায় অসম্ভব। নাতালিয়া বলেন, ‘গোলার আঘাত থেকে বাঁচতে আমরা নিচের তলায় পর্যন্ত যেতে পারি না। বেশির ভাগ সময় আমরা বাথরুম বা শৌচাগারে লুকিয়ে থাকি।’
নাতালিয়া জানান, যেসব পরিবার শারীরিক অসুস্থতার কারণে কিয়েভ ছাড়তে পারেনি, তাদের সাহায্যে একটি নেটওয়ার্ক তৈরি করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানে যুক্ত থাকা ১ হাজার ২৪৭টি পরিবারের মধ্যে মাত্র ২০ থেকে ৫০টি পরিবার (প্রায় ২৬০ জন) রাজধানী কিয়েভ ছাড়তে পেরেছে।
প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা দ্য ইউরোপিয়ান ডিজঅ্যাবিলিটি ফোরাম নামে একটি এনজিওর তথ্যমতে, ইউক্রেনে ২৭ লাখ প্রতিবন্ধী মানুষ রয়েছে। ইনক্লুশন ইউরোপ নামে অন্য আরেকটি এনজিও জানিয়েছে, ইউক্রেনে প্রায় ২ লাখ ৬১ হাজার মানুষের বুদ্ধিবৃত্তিক অক্ষমতা রয়েছে। যুদ্ধ, সংঘাত, সহিংসতা তাদের জন্য অত্যন্ত ঝুঁকি তৈরি করে। এসব মানুষের মধ্যে এক লাখ শিশু। তারা বিভিন্ন শিশু পরিচর্যাকেন্দ্রে বা এমন প্রতিষ্ঠানে বেড়ে উঠছে। এসব শিশুর ইউক্রেনের বাইরে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ।
শুধু শারীরিক প্রতিবন্ধী নয়, যাঁরা গুরুতর অসুখে ভুগছেন, তাঁদের জন্যও দীর্ঘ পথ ভ্রমণ করা প্রায় অসম্ভব। মেয়ে ভিকাকে সঙ্গে নিয়ে পোলিশ সীমান্তের কাছে কয়েক দিন ধরে আটকে আছেন দারিনা চুইস্কা। ভিকা (১০) হাঁপানিসহ বেশ কিছু জিনগত সমস্যায় ভুগছে। জরুরিভাবে ওর চিকিসাসেবা শুরু হওয়া দরকার।
চুইস্কা বলেন, ভিকা দীর্ঘদিন ধরে পুনর্বাসন ছাড়াই রয়েছে। ওর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ওর বয়সের সঙ্গে শরীরের পেশিগুলো বিকশিত হচ্ছে না। সে কারণে ও বেড়ে উঠছে না। হাঁটতে হাঁটতে সে পড়ে যায়। ওর পা ঠিকমতো বিকশিত হচ্ছে না। তিনি জানান, এখন ওর পায়ে ব্যথা হচ্ছে।
ভিকার মা বলেন, সম্প্রতি ওর খিঁচুনি হতে শুরু করেছে। ইউক্রেন থেকে বেরিয়ে যাওয়ার মানসিক চাপ থেকে এমনটি হয়েছে বলে তাঁর ধারণা। মধ্য ইউক্রেনের নিজ শহর থেকে সীমান্তে যেতে কয়েক দিন সময় লেগেছে তাদের। ভিকার জন্য এ যাত্রা ছিল ক্লান্তিকর। এতে ওর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ভিকা ও তার মা বেশ কয়েক দিন বেসমেন্টে লুকিয়ে ছিল। বেসমেন্টে ভিকার শুকনো কাশি ও শ্বাসকষ্ট হয়েছিল।
চুইস্কা বলেন, রাতে ভিকার খিঁচুনি শুরু হয়। শেষবার ওর খিঁচুনি হয়েছিল পাঁচ বছর বয়সে। এরপর আর খিঁচুনি হয়নি। তাঁর ধারণা, ভিকার খিঁচুনি দীর্ঘ পথ ভ্রমণের চাপ এবং স্যাঁতসেঁতে বেসমেন্টে থাকার কারণে হয়েছে।
চুইস্কা জানান, তিনি জার্মানিতে একটি পরিবারের সঙ্গে ভিকার থাকার বন্দোবস্ত করেছেন। ওই পরিবার ভিকার জন্য গুরুত্বপূর্ণ থেরাপির ব্যবস্থা করেছে। তবে নিজেদের ব্যবস্থায় সেখানে পৌঁছাতে হবে বলে জানান চুইস্কা।
এখন পর্যন্ত চুইস্কা ও তাঁর মেয়ে কোনো যানবাহন খুঁজে পায়নি। বিড়ালে মারাত্মক অ্যালার্জি হয় ভিকার। তাদের দুজনের পক্ষে কয়েক হাজার ইউক্রেনীয়র সঙ্গে ট্রেনে করে পোল্যান্ডে যাওয়া প্রায় অসম্ভব।
চুইস্কা বলেন, ‘ট্রেন ও বাসগুলো পোষা প্রাণীতে ভরা। এটি ভিকার জন্য খুব বিপজ্জনক।’ তিনি জানান, ‘একবার ভিকাকে নিয়ে সীমান্ত পেরোনোর খুব কাছাকাছি এসেছিলেন। তাদের সেখানে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়িও তৈরি ছিল। কিন্তু যিনি আমাদের সেখানে নিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন, তিনি ফোন ধরা বন্ধ করে ফেলেন। যদিও সীমান্তে যাওয়ার আরেকটি বিকল্প আছে এবং এরপরও তিন কিলোমিটার হাঁটতে হবে। কিন্তু ভিকা ততক্ষণ হাঁটতে পারে না।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। রুশ আগ্রাসন ঠেকাতে পশ্চিমা দেশগুলো নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করে চলেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা কয়েক দফায় বৈঠকে বসেন। তবে প্রতিবারই কোনো রকম সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা এখনো চলছে। ভারত, চীন, ইসরায়েল ও আরব বিশ্বের কয়েকজন নেতা পুতিন ও জেলেনস্কির সঙ্গে মধ্যস্থতার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এ পর্যন্ত ২৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে। এর আগে ৮ মার্চ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছিলেন, ওই দিন পর্যন্ত ২০ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছিল।
ইউক্রেনে রুশ বাহিনীর হামলার পরিস্থিতি তুলে ধরে আরেকটি তথ্য জানিয়েছে জাতিসংঘের কো-অর্ডিনেশন ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স। সংস্থাটির তথ্যমতে, রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ভেতরে কমপক্ষে ১৮ লাখ ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দলে দলে মানুষ ইউক্রেন ছেড়ে পালাচ্ছে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অল্প সময়ের ব্যবধানে এত শরণার্থীর ঢল এর আগে দেখেনি ইউরোপ।
সিএনএন, বিবিসি ও আল-জাজিরা অবলম্বনে রাকিব হাসান