যুক্তরাজ্যের আদালত আজ অ্যাসাঞ্জের জামিন আবেদন শুনবেন
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জামিন আবেদন আজ বুধবার শুনবেন যুক্তরাজ্যের একটি আদালত। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
অ্যাসাঞ্জকে জামিন দিয়ে কারাগার থেকে মুক্তির দেওয়ার পক্ষে তাঁর আইনজীবীরা আজ আদালতের শুনানিতে যুক্তি তুলে ধরবেন।
গত সোমবার যুক্তরাজ্যের একটি আদালত অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়া উচিত হবে না বলে রায় দেন। রায়ে ডিস্ট্রিক্ট জজ ভ্যানেসা ব্যারাইটসার বলেন, অ্যাসাঞ্জকে যদি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়, তবে তিনি আত্মহত্যা করতে পারেন। তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। এতে তিনি অত্যাচারিত হবেন।
ওই রায়ে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবে। এ জন্য তারা দুই সপ্তাহ সময় পাবে।
৪৯ বছর বয়সী অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনের দক্ষিণ-পূর্ব এলাকার বেলমার্শ হাই সিকিউরিটি কারাগারে আছেন। লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন বিষয়ে শুনানি হবে।
এর আগে গত বছরের মার্চে অ্যাসাঞ্জর জামিন বিষয়ে শুনানি হয়েছিল। সেই শুনানিতে বলা হয়েছিল, কারাগারে অ্যাসাঞ্জের করোনার ঝুঁকি থাকায় তাঁকে জামিন দেওয়া উচিত। কিন্তু তিনি পালাতে পারেন—এই যুক্তিতে তখন তাঁর জামিন আবেদন নাকচ হয়।
২০১৯ সালের এপ্রিলে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ। তিনি ২০১২ সালে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। ইকুয়েডর তাঁর আশ্রয় বাতিলের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইরাক ও আফগান যুদ্ধের সামরিক নথি প্রকাশ করেছিলেন অ্যাসাঞ্জ। ২০১০ সালে এসব নথি প্রকাশের কারণে তাঁর বিরুদ্ধে ১৮টি গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এসব অভিযোগে তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের মুখোমুখি করতে চায় দেশটি। যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ প্রমাণিত হলে অ্যাসাঞ্জের ১৭৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
অ্যাসাঞ্জ ও তাঁর আইনজীবীরা বলে আসছেন, উইকিলিকসের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে হওয়া মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
অ্যাসাঞ্জের জন্ম ১৯৭১ সালে, অস্ট্রেলিয়ার টাউনসভিলে। তিনি ২০০৬ সালে উইকিলিকস প্রতিষ্ঠা করেন। ইন্টারনেটনির্ভর এই প্ল্যাটফর্ম ছিল মূলত তথ্য ফাঁসকারীদের জন্য।