যুক্তরাজ্যের ইইউতে থাকা না-থাকা নিয়ে প্রশ্ন বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকার বিষয়ে গণভোটে ভোটারদের জন্য প্রশ্ন বদল করছে ক্যামেরন সরকার। প্রশ্নটি আগে ছিল—যুক্তরাজ্যের ইইউতে থাকা উচিত কি না। নতুন প্রশ্নটি হবে, যুক্তরাজ্যের ইইউর সদস্য থাকা উচিত, না বের হয়ে যাওয়া উচিত। 
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটের নিরপেক্ষতা নিশ্চিত করতে গণভোটের জন্য নির্ধারিত প্রশ্ন পরিবর্তনের সুপারিশ তারাই করেছে। গণভোট সামনে রেখে মন্ত্রীদের প্রচারে অংশ নেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট আইন সংস্কারের ঘোষণা দিয়েছে সরকার। অন্যদিকে, একাধিক সংগঠন আলাদাভাবে ইইউবিরোধী প্রচারের ঘোষণা দেওয়ায় কোন গোষ্ঠী নেতৃত্বের স্বীকৃতি পাবে, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যুক্তরাজ্যে অভিবাসী বৃদ্ধির জন্য ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসাবিহীন প্রবেশাধিকারকে দায়ী করা হয়ে থাকে। গত মে মাসের নির্বাচনে বিষয়টি অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রতিশ্রুতি দেন, কনজারভেটিভ দল ক্ষমতায় গেলে অভিবাসন নিয়ন্ত্রণে একটি কার্যকর চুক্তির ব্যবস্থা করবে। তা সম্ভব না হলে যুক্তরাজ্য ইইউ সদস্যপদ রাখবে কি রাখবে না, সে প্রশ্নে একটি গণভোট ২০১৭ সালের মধ্যেই আয়োজন করবে।
অভিবাসন নিয়ন্ত্রণে ক্যামেরনের প্রস্তাবগুলো ইইউভুক্ত বেশির ভাগ দেশ ইতিমধ্যে প্রত্যাখ্যান করায় গণভোটের বিষয়টি অনিবার্য হয়ে ওঠে। ঠিক হয়, ‘যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিত কি না?’ এ প্রশ্নে ‘হ্যাঁ’ ‘না’ ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু গত মঙ্গলবার যুক্তরাজ্যের নির্বাচন কমিশন বলেছে, প্রশ্নটি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে পক্ষপাতমূলক। বিকল্প হিসেবে তারা প্রস্তাব করেছে, ‘যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিত, নাকি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে?’ যাঁরা ইইউতে থাকার পক্ষে, তাঁরা ‘রিমেইন’ (থাকুক) এবং যাঁরা ইইউতে থাকার বিপক্ষে তাঁরা ‘লিভ’ (ত্যাগ করুক) ভোট দেবেন। এ প্রস্তাবের পরদিন গতকাল বুধবার সরকার নির্বাচনী প্রচার-সংক্রান্ত আইনে বিশেষ সংশোধনী আনার ঘোষণা দেয়।
বিদ্যমান আইন অনুযায়ী, গণভোটের ২৮ দিন আগে থেকে মন্ত্রী, সরকারি দপ্তর বা স্থানীয় সরকারগুলোর জন্য গণভোট-সংক্রান্ত প্রশ্নে কোনো তথ্যের প্রচার নিষিদ্ধ। কিন্তু বিশেষ ব্যতিক্রম হিসেবে শুধু ইইউ সদস্যপদ প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটের জন্য বিধানটি রহিত করবে সরকার। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল স্থানীয় গণমাধ্যমের কাছে বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ গণভোটের সময়ে মন্ত্রীদের যুক্তি ও মতামত প্রকাশের স্বাধীনতা জরুরি।’ ইইউ বিরোধী পক্ষের অভিযোগ, এর মাধ্যমে সরকার ইইউ সদস্যপদ ধরে রাখার জন্য সরকারি যন্ত্রকে ব্যবহারের সুযোগ করে নিচ্ছে।