যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী ইরাকি বংশোদ্ভূত নাদিম
ইরাকি বংশোদ্ভূত নাদিম জাহাবিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর এএফপির।
ঋষি সুনাক অর্থমন্ত্রীর পদ থেকে আচমকা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর বরিস গতকাল মঙ্গলবার এই নিয়োগ দেন।
নাদিম শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। অর্থমন্ত্রীর পদে তাঁর নিয়োগ অনুমোদন দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
শিশুকালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে আসেন নাদিম। তাঁর কুর্দি পরিবারের সদস্যরা ইংরেজি জানতেন না। পরে নাদিম নিজেকে প্রতিষ্ঠিত করেন।
নাদিমের বয়স এখন ৫৫ বছর। তিনি প্রখ্যাত জরিপ প্রতিষ্ঠান ইউগভের সহপ্রতিষ্ঠাতা।
২০১০ সালে নাদিম এমপি হন। তার আগে তিনি লন্ডনে কনজারভেটিভ পার্টির স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।
করোনা মহামারিকালে যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচি দেখভাল করে ব্যাপক প্রশংসা কুড়ান নাদিম।
তবে সুনাকের মতো নাদিমও ব্যক্তিগত সম্পদ ইস্যুতে সমালোচিত হন। ২০১৩ সালে নিজের ঘোড়ার আস্তাবল গরম করার জন্য সংসদীয় খরচ দাবি করে সমালোচনার মুখে পড়েন তিনি।
ডাউনিং স্ট্রিটে একটি সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় নতুন দায়িত্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নাদিম। তবে তিনি সাংবাদিকদের প্রশ্নে কোনো মন্তব্য করেননি।
প্রধানমন্ত্রী বরিস মুক্ত-ব্যয়ের পক্ষে। এই নীতির বিপক্ষে ছিলেন সুনাক। তিনি আর্থিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছিলেন। এ ক্ষেত্রে নাদিম তাঁর পূর্বসূরি সুনাককে অনুসরণ করবেন কি না, তা জানাননি।
নাদিমকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় শিক্ষামন্ত্রীর পদ খালি হয়। এই পদে নিজের অনুগত মিশেল ডোনেলানের নাম ঘোষণা দিয়েছেন বরিস।