যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া ঠেকাতে ভেটো পরিকল্পনা ইইউর

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রথম সদস্য দেশ হিসেবে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (গণমাধ্যমে যাকে বলা হচ্ছে ‘ব্রেক্সিট’) ঠেকাতে একটি ভেটো পরিকল্পনা প্রকাশ করতে চলেছে সংস্থাটি। খবর এএফপির।
গতকাল মঙ্গলবারই এ পরিকল্পনা প্রকাশের কথা। পরিকল্পনাটির অধীন ইইউর পার্লামেন্টগুলোর জন্য ‘লাল কার্ড’ ব্যবস্থা প্রণয়নসহ এই সংস্থায় ব্রিটেনের সদস্যপদ-সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হবে।
এ ভেটো পরিকল্পনা নিয়ে গত সপ্তাহে ইইউর প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মধ্যে আলাপে ‘অগ্রগতি’ হওয়ার কথা জোরেশোরে জানিয়েছে উভয় পক্ষ।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বা কথিত ‘ব্রেক্সিট’ নস্যাতে বিশেষ আগ্রহী টাস্ক। এমন আগ্রহী হওয়া সত্ত্বেও তিনি সতর্ক করে বলেন, সংকট সমাধানে এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিতই রয়ে গেছে।
বেলজিয়ামের ব্রাসেলসে ১৮-১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইইউভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলন। সম্মেলনে ব্রেক্সিট ঠেকাতে নানা সংস্কার প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে। এ প্রস্তাবে প্রধানমন্ত্রী ক্যামেরনকে বাকি ২৭ দেশের নেতাদের সমর্থন আদায় করতে হবে। তা ছাড়া একটি চুক্তিতে পৌঁছার মতো ঘটনাও আপাতত অনেক দূর এগিয়েছে বলে মনে হচ্ছে।
খবরে বলা হয়, ক্যামেরন যদি নেতাদের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছাতে সক্ষম হন, তাহলে এরপর তাঁকে যুক্তরাজ্যের ইইউয়ে থেকে যাওয়ার ব্যাপারে নিজ দেশে জনমত গড়তে প্রচার চালাতে হবে। ইইউয়ে থাকা বা না-থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্ভবত আগামী জুনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে গণভোট।
সম্প্রতি ইউরোপে শরণার্থীদের ঢল নামা ও তা মোকাবিলায় ইইউর কাহিল অবস্থা এবং ইউরোজনের ঋণসংকট ঘিরে সৃষ্ট বিপর্যয়ের মধ্যে সংস্থাটি থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার উদ্যোগে জোটের মধ্যে বিশৃঙ্খলা আরও তালগোল পাকিয়েছে।
ইইউ কর্মকর্তারা বলেন, এ রকম পরিস্থিতিতে যুক্তরাজ্যের ইইউ ত্যাগ ঠেকাতে পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ইইউর প্রেসিডেন্ট টাস্ক গতকাল সকালে সংস্থার নেতাদের কাছে ভেটো পরিকল্পনাটি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছিল। কথা ছিল আরও পরের দিকে তা জনসমক্ষে প্রকাশেরও।
টাস্কের ওই খসড়া পরিকল্পনার এক উল্লেখযোগ্য দিক ‘লাল কার্ড’ ব্যবস্থা। এ ব্যবস্থায় ইইউর জাতীয় পার্লামেন্টগুলোর ৫৫ শতাংশের একটি গ্রুপকে এ সংস্থার আইন থামিয়ে দেওয়া বা তাতে পরিবর্তন আনার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। এটা ছিল প্রধানমন্ত্রী ক্যামেরনের ইইউ সংস্কার নিয়ে অন্যতম দাবি।
ইইউয়ে বর্তমানে ফুটবল খেলায় শৃঙ্খলা বজায় রাখার আদলে ‘হলুদ কার্ড’ ব্যবস্থা চালু আছে। এর অধীন পার্লামেন্টগুলো ব্রাসেলসের কাছে কেবল কোনো আইনের ব্যাখ্যা দাবি করতে পারে।