যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদকর্মীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়ার
যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী ও প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। রাশিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর বিবিসির।
রাশিয়ার নতুন নিষেধাজ্ঞার মধ্যে পড়া বিবিসির সংবাদকর্মীরা হলেন ক্লাইভ মিরি, অরলা গুয়েরিন, নিক রবিনসন ও নিক বেক। তাঁরা সবাই যুদ্ধের খবর জানাতে ইউক্রেনে অবস্থান করছেন। নিষেধাজ্ঞার তালিকায় বিবিসির মহাপরিচালক টিম ডেভির নামও রয়েছে। সংবাদ প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, বিবিসি স্বাধীন ও স্বচ্ছভাবে প্রতিবেদন প্রকাশ করে যাবে।
স্কাই টিভি, টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভির সংবাদকর্মীরাও আছেন রুশ নিষেধাজ্ঞার তালিকায়। রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় ২৯ গণমাধ্যমকর্মী ছাড়াও রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০ সদস্য। এ তালিকা আরও দীর্ঘ করার ঘোষণা দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘তালিকায় যে ব্রিটিশ সাংবাদিকেরা আছেন, তাঁরা রাশিয়ার বিরুদ্ধে এবং ইউক্রেন ও দনবাস পরিস্থিতি সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একপক্ষীয় তথ্য ছড়ানোর কাজে লিপ্ত ছিলেন।’
তালিকায় নাম থাকা বিবিসির অন্য কর্মীরা হলেন কূটনৈতিক প্রতিবেদক পল অ্যাডামস ও করপোরেশনের চেয়ারম্যান রিচার্ড শার্প। পল অ্যাডামসও সংবাদ সংগ্রহের জন্য ইউক্রেনে নিয়োজিত আছেন।
স্কাই নিউজের প্রধান প্রতিবেদক স্টুয়ার্ট রামসে কিয়েভের কাছে সংবাদ সংগ্রহের সময় রাশিয়ার হামলায় আহত হয়েছেন। তাঁর নামও নিষেধাজ্ঞার তালিকায় আছে। এ ছাড়া নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য সংবাদকর্মীরা হলেন দ্য টাইমসের সম্পাদক জন উইথেরো, দ্য টেলিগ্রাফের ক্রিস ইভানস, দ্য গার্ডিয়ানের ক্যাথেরিন ভাইনার ও ডেইলি মেইলের টেড ভেরিটি।
সংবাদকর্মীরা ছাড়াও সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কয়েক সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে ব্রিটিশ নৌবাহিনীর প্রধান বেন কি ও বিমানবাহিনীর প্রধান মাইকেল উইগস্টনের নামও আছে।