সিরিয়া অভিযানে দেশটির সরকারবিরোধী বিদ্রোহী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় শুরু করেছে রাশিয়া। রুশ সামরিক বাহিনীর জ্যেষ্ঠ একজন কর্মকর্তা গত মঙ্গলবার এ কথা জানিয়েছেন। রাশিয়ার পক্ষ থেকে এই প্রথমবারের মতো সমন্বয় করে অভিযান চালানোর কথা বলা হলো। খবর এএফপির।
এদিকে রাশিয়া আগামী সপ্তাহে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে।
সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানের কথা বলে গত ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ও সিরিয়ার বিদ্রোহীরা অভিযোগ তোলে, রুশ হামলার মূল লক্ষ্য আইএস নয়—বেশির ভাগ হামলাই হচ্ছে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে। এই বিদ্রোহীদের নানাভাবে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বর্তমান সময়ের সবচেয়ে বড় মিত্র বলা হচ্ছে রাশিয়াকে।
রুশ সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আন্দ্রেই কার্তাপোলভ জানান, তাদের যুদ্ধবিমান সিরিয়ায় ২৪টি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ‘বিরোধী প্রতিনিধিদের’ সঙ্গে সমন্বয় করে এসব হামলা চালানো হয়েছে। যদিও কোন বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি তিনি।
আন্দ্রেই কার্তাপোলভ এ কথা জানানোর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানায়, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা পরিচালনাকারী মার্কিন যুদ্ধবিমানের পাইলটরা সেখানে রুশ বিমানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। সিরিয়ার আকাশে মার্কিন ও রুশ বিমানের সংঘর্ষ এড়ানোর জন্য নেওয়া কৌশলের প্রথম পরীক্ষা এটি।
সিরিয়ায় নিজেদের বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে ২০ অক্টোবর চুক্তি স্বাক্ষর করে ওয়াশিংটন ও মস্কো।
এদিকে রাশিয়া গত মঙ্গলবার একটি বৈঠকের প্রস্তাব দিয়ে বলেছে, আগামী সপ্তাহে মস্কোয় সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক হবে।