ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি দিতে রাজি হয়েছে তুরস্ক। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এ কথা জানিয়েছেন। খবর বিবিসি, এএফপি ও সিএনএনের।
তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গত রোববার জানান, তুরস্ক ঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি হলেও কখন, কীভাবে ব্যবহার করা হবে তার বিস্তারিত এখনো ঠিক হয়নি।
এদিকে ইরাকের আনবার প্রদেশের প্রায় ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আইএসের জঙ্গিরা। রাজধানী বাগদাদ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে তারা।
আইএসের শক্ত ঘাঁটি হলো ইরাক ও সিরিয়ায়। এই দুটি দেশের সঙ্গেই রয়েছে তুরস্কের সীমান্ত। তাই আইএসবিরোধী লড়াইয়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তুরস্ক। এ কারণেই শুরু থেকেই ঘাঁটি ব্যবহারের জন্য তুরস্ককে নানাভাবে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রাইস এনবিসিকে বলেন, ‘ইরাক ও সিরিয়ায় অভিযান’ এবং ‘সিরিয়ার উদারপন্থী বিদ্রোহীদের প্রশিক্ষণ’ দেওয়ার জন্য তুরস্কের ঘাঁটি ও ভূমি ব্যবহার করতে দিতে রাজি হয়েছে তুরস্ক। তিনি বলেন, ‘এটা তুরস্কের নতুন অঙ্গীকার। আমরা এই অঙ্গীকারকে স্বাগত জানাই।’
ঘাঁটি ব্যবহার করতে দিতে রাজি হওয়ায় তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইসমেত ইলমাজকে ফোন করে ধন্যবাদ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি এ কথা জানান।
তুরস্কের দক্ষিণাঞ্চলে ইনকারলিকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে একটি বিমান ঘাঁটি পরিচালনা করছে। সেখানে অন্তত দেড় হাজার মার্কিন জনবল রয়েছে। তুরস্ক রাজি হওয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলায় এই ঘাঁটিও ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের (আইএই) আল-ধাফরা বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি ও কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি ব্যবহার করে ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ইরাকের আনবার প্রদেশে বেপরোয়া হয়ে উঠেছে আইএস। প্রদেশটির বেশির ভাগ এলাকা তাদের দখলে চলে গেছে। ধীরে ধীরে রাজধানী বাগদাদের দিকে এগিয়ে যাচ্ছে তারা। এই পরিস্থিতিতে প্রাদেশিক কাউন্সিল কয়েক দিন আগে ইরাকের কেন্দ্রীয় সরকারের কাছে সামরিক সহায়তা চেয়েছে। একই সঙ্গে মার্কিন স্থলবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। প্রাদেশিক কাউন্সিলের প্রেসিডেন্ট সাবাহ আল-কারুত জানিয়েছেন, আনবার প্রদেশের ৮০ শতাংশ এলাকাই আইএসের জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে গেছে। আনবার প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান ফালেহ আল-ইসাবি বলেন, আনবার প্রদেশের পতন হলে রাজধানী বাগদাদ থেকে সিরিয়ার রাকা শহর পর্যন্ত আইএসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।
ইরাকে আইএসবিরোধী অভিযানে থাকা শীর্ষ পর্যায়ের মার্কিন কর্মকর্তারা জানান, আইএস বাগদাদ বিমানবন্দর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
তুরস্কের সীমান্তসংলগ্ন সিরীয় শহর কোবানিও ধীরে ধীরে দখল করে নিচ্ছে আইএস। ইতিমধ্যে একটি বড় অংশ দখলে নিয়েছে তারা। কোবানিতে কয়েক দিন ধরে কুর্দি যোদ্ধাদের সঙ্গে আইএসের কঠিন লড়াই চললেও রোববার পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। কোবানিতে লড়াইরত একজন কুর্দি যোদ্ধা আশঙ্কা প্রকাশ করেন, আইএস আরও কঠোর অভিযান চালানোর জন্য হয়তো শক্তি সঞ্চয় করছে।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে কোবানিতে কুর্দি ও আইএসের মধ্যে লড়াইয়ে পাঁচ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে দুই লাখ মানুষ।
এদিকে, ইরাক ও সিরিয়ার মতো গোলযোগপূর্ণ এলাকায় সন্ত্রাসীদের পক্ষে ‘বিদেশি যোদ্ধা’ হিসেবে লড়াইকারীদের দেশে ফেরত ঠেকাতে আইন কঠোর করার উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড। গতকাল সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি এ কথা বলেন। বিদ্যমান আইন ওই ধরনের ব্যক্তিদের নিউজিল্যান্ডে ফেরত আসার ঝুঁকি ঠেকাতে পারছে না। এ কারণেই আইন কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে।