যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করছে জার্মানি-চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারিস জলবায়ু চুক্তিতে থাকতে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করছে জার্মানি ও চীন। বিভিন্ন কূটনৈতিক মাধ্যমের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বোঝানোর চেষ্টা করছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। জার্মান পরিবেশমন্ত্রী বারবারা হেনড্রিকস ও চীনের বিশেষ দূত শিন জিহুয়া গত মঙ্গলবার বার্লিনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
২২ ও ২৩ মে জার্মানির বার্লিনে পিটার্সবার্গ জলবায়ু সংলাপ হয়। এতে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরকারী উন্নত ও উন্নয়নশীল বিশ্বের ৪০টি দেশ অংশ নেয়। সংলাপে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এটিকে জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ইঙ্গিত বলেই ধরে নেন সংলাপে অংশগ্রহণকারীরা।
সংলাপের শেষ দিন জার্মান পরিবেশমন্ত্রী বারবারা হেনড্রিকস সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তির বিষয়ে তাঁর অবস্থান সুস্পষ্ট করেননি। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বারবার এই চুক্তিতে থাকার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানাচ্ছেন। ট্রাম্পের বিপরীতমুখী কোনো পদক্ষেপ বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইকে পিছিয়ে দেবে।
সংলাপে অংশ নেওয়া চীনা বিশেষ দূত শিন জিহুয়া বলেন, পরিবেশ রক্ষায় ওয়াশিংটনের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। জলবায়ু পরিবর্তন ইস্যুতে ট্রাম্প প্রশাসনকে পশ্চিমা জনমতের পক্ষ থেকে চাপ দিয়ে যেতে হবে। ওয়াশিংটনের রাজনৈতিক স্বার্থপরতাকে অবশ্যই নিরুৎসাহ করতে হবে।
এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা যাতে দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সেই লক্ষ্যে বিশ্বের সব কটি রাষ্ট্র ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি করেছে। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণকারী দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্র গত বছর বৈশ্বিক জলবায়ু চুক্তিতে অনুসমর্থন দেয়। চীন ও যুক্তরাষ্ট্রের এই চুক্তিতে অনুসমর্থনকে পরিবেশ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে অনুসমর্থনে বড় ভূমিকা ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের। ওবামার ব্যক্তিগত উদ্যোগ ছিল উল্লেখযোগ্য। প্যারিস জলবায়ু চুক্তির ভবিষ্যৎ হুমকিতে পড়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর।
ট্রাম্প বিশ্বাস করেন, জলবায়ু পরিবর্তনের পেছনে মানুষের কোনো হাত নেই। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের শুরু থেকেই প্যারিস জলবায়ু চুক্তি বিরোধিতা করে আসছেন ট্রাম্প। তিনি এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার ইঙ্গিত দেন। দায়িত্ব গ্রহণের পর সেই পদক্ষেপ নেওয়া শুরু করেন।
প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণ কমানোর অঙ্গীকার করেছিল। ওবামার কার্বন নিঃসরণ নীতি অনুযায়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিরুৎসাহিত করার কথা বলা ছিল। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
ওবামার এসব পদক্ষেপকে ‘কয়লাবিরোধী যুদ্ধ’ হিসেবে আখ্যা দেন ট্রাম্প। গত মার্চে ট্রাম্প একটি নির্বাহী আদেশে ওবামার জলবায়ু নীতির কার্বন নিঃসরণ-বিরোধীসহ ছয়টির বেশি পদক্ষেপ বাতিল করেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এর মাধ্যমে কয়লাবিরোধী যুদ্ধের সমাপ্তি ঘটবে। প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্র ২০২৫ সালের মধ্যে কার্বন নির্গমন ২৬ থেকে ২৮ শতাংশ কমানোর যে অঙ্গীকার করেছিল, ট্রাম্প কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করলে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন কঠিন হবে।
জার্মানি ও চীন প্রভাবিত করার চেষ্টা করলেও প্যারিস চুক্তি বাস্তবায়নের বিষয়ে বিশ্বকে অপেক্ষায় রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির সিসিলিতে গত শুক্র ও শনিবার জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়। জি-৭ ভুক্ত ছয়টি দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, কানাডা ও জাপান কার্বনদূষণের মাত্রা কমানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও নিজের অবস্থান পরিষ্কার করেননি ট্রাম্প।
সিসিলি বৈঠকে ট্রাম্প জানান, তার দেশ জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত নীতি পুনর্মূল্যায়ন করছে। তাই তিনি এখনই প্যারিস চুক্তির বিষয়ে মতামত জানাবেন না। শনিবার সকালে এক টুইটার বার্তায় ট্রাম্প জানান, প্যারিস চুক্তি নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
প্যারিস চুক্তির অন্যতম লক্ষ্য জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে দরিদ্র দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা। এই তহবিলে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা দেওয়ার কথা। আবার জনসংখ্যা অনুপাতে বিশ্বে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী সেই নির্গমনও কমানোর কথা। ফলে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি বাস্তবায়ন না করলে জলবায়ুকে নিয়ন্ত্রণে রেখে পৃথিবীকে পরের প্রজন্মের জন্য বাসযোগ্য রাখা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে।