যুক্তরাষ্ট্রে কূটনৈতিক স্থাপনা ফিরে পেতে রাশিয়ার জোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নিজেদের দুটি কূটনৈতিক স্থাপনা ফিরে পাওয়ার দাবিতে রাশিয়া জোরালো দাবি জানিয়ে যাচ্ছে। হ্যাকিংয়ের অভিযোগ তুলে মার্কিন কর্তৃপক্ষ গত বছর ওই দুটি রুশ কূটনৈতিক স্থাপনা দখল করে নেয়। বিষয়টি সুরাহার জন্য দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার পর সংশ্লিষ্ট একজন রুশ কর্মকর্তা বলেন, তাঁরা মীমাংসার কাছাকাছি পৌঁছেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের সন্দেহে যুক্তরাষ্ট্র গত বছরের ডিসেম্বরে ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে এবং যুক্তরাষ্ট্রে মস্কোর দুটি কূটনৈতিক স্থাপনা বন্ধ করে দেয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ ঘটনায় ক্ষোভ জানিয়ে বিষয়টিকে ‘দিনদুপুরে ডাকাতির’ সঙ্গে তুলনা করেছেন।

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী টমাস শ্যানন গত সোমবার বিষয়টি নিয়ে ওয়াশিংটনে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের সঙ্গে তিন ঘণ্টার বৈঠক করেন। বিষয়টির সুরাহা হয়েছে কি না, সাংবাদিকেরা প্রশ্ন করলে রিয়াবকভ বলেন: ‘প্রায়, কাছাকাছি।’

মার্কিন কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বৈঠকটি গত মাসেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন সরকার ইউক্রেনে রুশ তৎপরতার পরিপ্রেক্ষিতে ৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় তখন বৈঠকটি বাতিল হয়ে যায়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কূটনৈতিক সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে শর্ত আরোপের বিষয়টিকে আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি। আমাদের বিবেচনায় কোনো শর্ত বা আলাপ-আলোচনা ছাড়াই তা ফেরত দেওয়া উচিত। দ্বিপক্ষীয়, আন্ত-সরকারি, অনুমোদিত দলিলের মাধ্যমে সুরক্ষিত একটা সম্পত্তি কীভাবে দখলে নেওয়া হলো?’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ছিল বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিক বহিষ্কার এবং কূটনৈতিক স্থাপনা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এরপর মার্কিন সরকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ৪৫ একর আকারের একটি রুশ কূটনৈতিক স্থাপনা দখলে নেয়। নিষেধাজ্ঞার আওতাভুক্ত আরেকটি রুশ কূটনৈতিক স্থাপনার অবস্থান নিউইয়র্কের লং আইল্যান্ডে।