যুক্তরাষ্ট্রের অস্ত্র ইউক্রেনের কতটা কাজে লাগবে
রাশিয়ার একটি ট্যাংক বিধ্বস্ত হয়ে আবর্জনার স্তূপে পড়ে রয়েছে। এর পাশেই অস্ত্র কাঁধে দাঁড়িয়ে আছেন এক ইউক্রেনীয় সেনা। এমন একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ওই সেনার কাঁধে থাকা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রেই রুশ ট্যাংকটি ধ্বংস হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে ছবিটি টুইটারে পোস্ট করা হয়েছে। ছবির শিরোনামে রুশ ট্যাংক ধ্বংস করার কথা গর্ব করেই বলা হয়েছে। দাবি করা হয়েছে, ইউক্রেনের কাছে থাকা ‘জ্যাভলিন’ নামের ক্ষেপণাস্ত্রে ধরাশায়ী রুশ সামরিক সরঞ্জাম।
যে জ্যাভলিনের কথা বলা হচ্ছে, তা মূলত কাঁধে বহনযোগ্য ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এটি ব্যবহার করে চার কিলোমিটার দূরের লক্ষ্যের দিকে রকেট ছোড়া যায়। এটি ভিডিও গেম কনসোলের মতো সহজে স্থানান্তরযোগ্য যন্ত্রের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। ইউক্রেনে জ্যাভলিন সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের সেনাদের দাবি, তারা যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্রের ব্যবহার শুরু করার পর থেকে রুশ সেনাদের মধ্যে ভীতি ছড়িয়েছে। তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও দুই হাজার এ ধরনের অস্ত্র পেতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার ইউক্রেনের জন্য নতুন করে ৮০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা ঘোষণা করেন। এর মধ্যে যেসব যুদ্ধাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, সেখানে জ্যাভলিন ক্ষেপণাস্ত্রও রয়েছে। অন্য সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে এক বিশেষ ধরনের ড্রোন, যা উড়ন্ত বোমা হিসেবে কাজ করবে। এ ছাড়া ইউক্রেনকে হেলিকপ্টার ভূপাতিত করার জন্য বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন।
কিন্তু তারপরও প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব অস্ত্র ইউক্রেনকে দেওয়া হচ্ছে, তাতে কি দেশটির সেনারা রাশিয়ার সুসজ্জিত ও যুদ্ধসরঞ্জামসমৃদ্ধ বাহিনীর সঙ্গে পেরে উঠবে?
ইউক্রেনে যা যা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম। এর মধ্যে গুলি প্রতিরোধী ২৫ হাজার সামরিক বর্ম ও হেলমেট, গ্রেনেড লঞ্চার, হাজারো ট্যাংক-বিধ্বংসী অস্ত্র এবং দুই কোটির বেশি গোলা ও গুলি থাকছে।
জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ছাড়াও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শক্তিশালী অস্ত্র হিসেবে ৮০০টি স্টিংগার নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর আগে আফগান যুদ্ধে সোভিয়েত যুদ্ধবিমান ভূপাতিত করতে স্টিংগার ব্যবহারে সফলতা এসেছিল।
এর বাইরে ইউক্রেনকে ১০০টির বেশি খুদে ড্রোন পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ ধরনের ড্রোন সৈনিকেরা যুদ্ধক্ষেত্রের তথ্য সংগ্রহ বা আক্রমণের কাজে লাগাতে পারেন। দূর থেকে এসব ড্রোনে করে বোমা পাঠিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর আঘাতও হানা যায়।
একনজরে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রশস্ত্র
৮০০ স্টিংগার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা
২০০০ জ্যাভলিন, কাঁধে বহনযোগ্য ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
৬০০০ এটি-৪ ট্যাংক-বিধ্বংসী যুদ্ধাস্ত্র
বাইডেনের বুধবারের সামরিক সহায়তার প্রতিশ্রুতিতে শুধু গত সপ্তাহেই দেশটিতে যুক্তরাষ্ট্রের মোট প্রতিশ্রুত সাহায্য ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেল। এর আগে ২০১৪ থেকে ২০২২ সালের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইউক্রেন ২৭০ কোটি ডলারের সহায়তা পেয়েছিল; অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকেই কিয়েভের জন্য মার্কিন সহায়তা দ্রুত বেড়েছে।
কিয়েভে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হার্বাস্ট বলেন, আগের ঘাটতির সমাধান করে ইউক্রেনকে সহায়তার বিষয়টি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাইডেন প্রশাসন কিয়েভকে সাহায্য করা নিয়ে শুরুতে এগিয়ে আসেনি, এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। তবে চাপের মুখে প্রশাসন সাড়া দিয়েছে।
রাশিয়ার স্থল ও বিমান হামলার জবাব
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ট্যাংক-বিধ্বংসী অস্ত্রের সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্নেল ক্রিস্টোফার মায়ার বলেছেন, প্রাথমিকভাবে যান্ত্রিক বাহিনী দিয়ে হামলা করছে রাশিয়া। এর অর্থ, মস্কো শুরুতে সাঁজোয়া যান পাঠিয়েছে। তাই তাদের রুখতে সেরা পন্থা হলো সাঁজোয়া যানগুলো গুঁড়িয়ে দেওয়া।
মায়ার আরও বলেন, ইউক্রেন ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ট্যাংক-বিধ্বংসী অস্ত্র পেয়েছে। এতে রুশ সাঁজোয়া যানের বিরুদ্ধে ইউক্রেন সেনাদের আক্রমণ সক্ষমতা আরও বেড়েছে। ইউক্রেনের সেনাদের কাছে বিভিন্ন ধরনের ট্যাংক-বিধ্বংসী অস্ত্র থাকার মানে, ট্যাংক যতটাই শক্তিশালী হোক, তারা তা ঠেকানোর বিভিন্ন সুযোগ পাবে।
ইউক্রেনের কর্মকর্তারা দাবি করছেন, বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া অস্ত্রগুলো ভালোভাবে ব্যবহার করছেন তাঁরা। ১৬ মার্চ ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেন, এযাবৎ যুদ্ধে ৪০০ রুশ ট্যাংক ও ২ হাজার অন্য যুদ্ধযান ধ্বংস করেছেন তাঁরা। তবে তাঁদের এই বক্তব্য যাচাই-বাছাই করা সম্ভব হয়নি।
বিবিসি বলছে, ইউক্রেনের সেনাদের কাছে ট্যাংক-বিধ্বংসী অস্ত্র থাকলেও তা রুশ বিমানবাহিনীর কোনো ক্ষতি করতে পারছে না। রাশিয়ার যুদ্ধবিমান থেকে নির্দিষ্ট লক্ষ্যে বিভিন্ন স্থানে বোমা ফেলা হচ্ছে।
এখন পর্যন্ত মার্কিন সামরিক সহায়তার তালিকায় থাকা স্টিংগার সিস্টেমই একমাত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে ইউক্রেন পেতে যাচ্ছে। ১৯৮১ সাল থেকে এই সিস্টেম বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতে দেখা যাচ্ছে।
এ মাসের শুরুতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করার ছবি পোস্ট করে। স্টিংগার নামের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাটি নিচু হয়ে উড়তে থাকা হেলিকপ্টার বা ৩ হাজার ৮০০ মিটারের মধ্যে থাকা কোনো যুদ্ধবিমানের বিরুদ্ধে কার্যকর। কিন্তু এর চেয়ে বেশি উচ্চতায় উড়ে যাওয়া রুশ বোমারু বিমানের কিছুই করতে সক্ষম নয় মার্কিন এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হার্বাস্ট বলেন, ইউক্রেনকে সহায়তা প্যাকেজের অংশ হিসেবে স্টিংগার দেওয়ার ঘোষণাটি মার্কিন প্রশাসনের দুর্বলতার লক্ষণ। তাদের আরও স্টিংগার দরকার, তা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু এর পাশাপাশি ইউক্রেনের আরও বেশি উচ্চতায় আঘাত হানতে সক্ষম, এমন বিমান-বিধ্বংসী অস্ত্র দরকার।
সক্ষমতা থাকলেও যেসব অস্ত্র পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউসের পক্ষ থেকে ইউক্রেনকে আরও বেশি উচ্চতায় আঘাত হানার সক্ষমতা সম্পন্ন সোভিয়েত যুগের এস-৩০০ বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো যাবে তৃতীয় কোনো দেশের পক্ষ থেকে। এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইতিমধ্যে স্লোভাকিয়ার কর্মকর্তারা ইউক্রেনে এস-৩০০ ক্ষেপণাস্ত্র পাঠাতে আগ্রহের কথা বলেছেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুই সদস্যদেশ গ্রিস ও বুলগেরিয়ার কাছেও এই ক্ষেপণাস্ত্র রয়েছে।
এর আগে পোল্যান্ডের পক্ষ থেকে ইউক্রেনকে মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছ থেকে হালনাগাদ যুদ্ধবিমান পেতে চেয়েছিল দেশটি। কিন্তু যুক্তরাষ্ট্র পোল্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মার্কিন কর্মকর্তারা ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের ক্রমবর্ধমান ঝুঁকি বিবেচনায় নিয়ে পোল্যান্ডের যুদ্ধবিমান হস্তান্তরের পরিকল্পনাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেন।
মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্নেল মায়ার বলেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের মিত্রদের পক্ষ থেকে প্রশাসনের আশীর্বাদ নিয়ে মিগ-২৯ বা একই রকম অন্য যুদ্ধবিমান পাঠানো গেলে সেটি আকাশপথ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দেশটির জন্য সহায়ক হবে। এ ক্ষেত্রে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুদ্ধবিমানকে রুখতে সাবেক সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে যুদ্ধবিমান ও পাইলট উভয়ই পাঠানোর বিষয়টি উল্লেখ করেন মায়ার।
অন্য দেশগুলো কী ধরনের অস্ত্র পাঠাচ্ছে
ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ এসে দাঁড়িয়েছে। বিবিসি জানায়, কমপক্ষে ৩০টি দেশ ইউক্রেনকে অস্ত্র-সামরিক সরঞ্জাম দিচ্ছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ৫৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের সহায়তা দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন সহায়তা প্যাকেজ ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি বলেন, আরও সমর্থন জরুরিভাবে প্রয়োজন ছিল। তিনি বলেন, রুশ দখলদারদের থামানোর জন্য আরও বিমান প্রতিরক্ষাব্যবস্থা, যথেষ্ট অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজন।
মায়ার বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে যে অস্ত্র সহায়তা দেওয়া হচ্ছে, তা কেবল দেশটির জনগণকে বীরত্বের সঙ্গে মৃত্যুবরণ করার মতো যথেষ্ট। আমাদের যা আছে, তা তাদের দেওয়ার বিষয়ে আরও আগ্রাসী হতে হবে। আমাদের সঙ্গে ভিয়েতনামের যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন তাদের যা দিয়েছিল, সে পরিমাণ ও মানসম্মত যুদ্ধ সরঞ্জাম ইউক্রেনকে সরবরাহ করা উচিত।’
জন হার্বাস্ট বলেন, ‘বাড়তি সহায়তা প্যাকেজ ভবিষ্যতে ইউক্রেনের জন্য প্রয়োজন হবে। ইউক্রেন যদি রাশিয়ার বিমানবাহিনীর মোকাবিলা করতে পারে, তবেই তা কেবল কার্যকর হবে। আমার কাছে মূল বিষয় হলো ৩০ হাজার ফুটের ওপরে রুশ যুদ্ধবিমানকে ঠেকানোর জন্য কিছু পাঠানো হচ্ছে কি না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে এ নিয়ে কোনো নিশ্চিত ঘোষণা আসেনি। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আরও সামরিক সহায়তা দেওয়া হবে। ইউক্রেন যাতে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পায়, সে বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে।