যুক্তরাষ্ট্রের নেতৃত্বহীন এক বিশ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির হামবুর্গে যখন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর জোট জি-২০-এর সম্মেলন শেষ হলো, তখন এক অর্থে তা আর ২০ সদস্যের জোট রইল না। হয়ে গেল জি-১৯। প্যারিস জলবায়ু চুক্তির ক্ষেত্রটায় যুক্তরাষ্ট্রকে একঘরে আর বন্ধুহীন অবস্থায় ছেড়ে দিল বাকিরা। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তা-ই চান। নির্বাচনী প্রচারণার সময় দেশকে অন্তর্মুখী করার প্রতিশ্রুতি দিয়েই তিনি ভোটে জিতেছেন।

বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির লাগাম টেনে ধরতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমিয়ে আনার ব্যাপারে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিশ্বনেতারা। এ সম্মেলন শেষে প্রতিশ্রুতি বাস্তবায়নে জলবায়ু চুক্তিও সম্পাদন করা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় থেকেই জলবায়ু পরিবর্তনের বিষয়টিতে একগুঁয়ে অবস্থান নেন। তাঁর কাছে এ বিষয়টি ‘ধাপ্পাবাজি’ ছাড়া কিছুই না। তাঁর একগুঁয়ে অবস্থানের বিষয়টি জি-২০ সম্মেলনের আগে আরও ভালোভাবে প্রতীয়মান হয়, যখন তিনি তাঁর দেশকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন। জি-২০ সম্মেলনেও তিনি একই অবস্থানে থাকেন। একপ্রকার মর্মপীড়া নিয়েই তাই জি-২০-এর বাকি সদস্যরা যুক্তরাষ্ট্রকে ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করল। বিশেষজ্ঞদের ভাষ্য, এই লড়াইয়ে ট্রাম্পের অনীহা অর্থনৈতিকভাবে তাঁর অদূরদর্শিতার প্রমাণ হাজির করেছে। সেই সঙ্গে তিনি এই পৃথিবীর প্রত্যেক মানুষকে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলার পথ বেছে নিয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, হামবুর্গে যে সম্মেলনটা অনুষ্ঠিত হয়ে গেল, তাতে ট্রাম্প একটা বার্তাই বিশ্ববাসীকে দিয়েছেন। আর তা হলো, এই বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তাঁর নেই।

যুক্তরাষ্ট্রের স্থলভাগ আক্রমণ করতে উত্তর কোরিয়ার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির চেষ্টা এবং লাগাতার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো বর্তমান বিশ্বে আরও একটি আলোচিত বিষয়। আঞ্চলিক উদ্বেগ সৃষ্টির পাশাপাশি বিষয়টা যুক্তরাষ্ট্রের জন্যও কম মাথাব্যথার নয়। কিন্তু জি-২০ সম্মেলন শেষে যে বিবৃতি এল, তাতে উত্তর কোরিয়া নিয়ে বক্তব্য পাওয়া গেল না। পিয়ংইয়ংকে বাগে আনতে আলোচনায় চীন ও রাশিয়ার ওপর চাপ সৃষ্টিরও কোনো লক্ষণ দেখা গেল না।

কাজেই বলাই যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কর্তৃত্ব চীন আর রাশিয়ার হাতে সমর্পণ করেছেন। এ সপ্তাহে আরও জানা গেল, আন্তর্জাতিক অভিজাত সম্প্রদায় নিজেদের পথ বেছে নিয়েছে। এবার দেখার বিষয় ভবিষ্যতের গুরুতর বিষয়গুলো মোকাবিলায় তারা যুক্তরাষ্ট্রকে সঙ্গে নেয়, নাকি দেশটিকে ছাড়াই এগিয়ে যায়।