যুক্তরাষ্ট্রের পর পুতিনের মেয়েদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটেরিনা তিখোনোভা (বাঁয়ে) ভ্লাদিমির পুতিন (মাঝে) ও মারিয়া ভরোন্তসোভা (ডানে)
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের পর এবার পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) এবং কাতেরিনা তিখোনোভার (৩৫) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যও। দেশটি বলছে, পুতিনের ঘনিষ্ঠজনদের জীবনাচারকে লক্ষ্যবস্তু করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পুতিনের দুই মেয়ের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার এক দিন পর আজ শুক্রবার তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য। খবর রয়টার্সের  

ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর ‘নৃশংসতার’ নানা চিত্র সামনে আসার প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে নতুন করে পশ্চিমা নিষেধাজ্ঞার আলোচনায় গত বুধবার মারিয়া ও কাতেরিনার নাম ঘুরেফিরে আসে। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের মেয়ে সার্গেইভনা ভিনোকুরোভার নামও রয়েছে। ভিনোকুরোভার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা দিয়েছিল।

পুতিনের দুই মেয়ের বিরুদ্ধে দেওয়া যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় তাঁদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাসহ তাঁদের সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে। তবে এটি এখনো পরিষ্কার নয় যে তাঁরা আদৌ যুক্তরাজ্যে ভ্রমণ করেছেন কি না বা যুক্তরাজ্যে তাঁদের কোনো সম্পদ রয়েছে কি না।

দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন। কিন্তু এই সময়ে পুতিনের সঙ্গে প্রকাশ্যে তাঁর পরিবারের সদস্যদের খুব কমই দেখা গেছে। তাঁর পরিবারের সদস্যদের ছবিও তেমন একটা পাওয়া যায় না। সাংবাদিকেরা প্রশ্ন করলে পরিবারের বিষয়টি এড়িয়ে যান পুতিন।

২০১৫ সালে এক সংবাদ সম্মেলনে পুতিনের কাছে তাঁর মেয়েদের নাম-পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে পুতিন বলেছিলেন, তাঁর দুই মেয়ে রাশিয়ায় বসবাস করেন। তাঁদের পড়াশোনাও রাশিয়ায়। তাঁরা তিনটি বিদেশি ভাষায় কথা বলতে পারেন। তাঁদের নিয়ে তিনি গর্বিত।

পুতিন আরও বলেন, ‘আমি কখনোই আমার পরিবার নিয়ে কারও সঙ্গে আলোচনা করি না।’