যুক্তরাষ্ট্রের হোটেলে পুতিনের সাবেক সহযোগীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবেক এক সহযোগীর লাশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ কথা জানানো হয়েছে। খবর বিবিসির।
প্রেসিডেন্ট পুতিনের সাবেক ওই সহযোগীর নাম মিখাইল লেসিন (৫৭)। রুশ গণমাধ্যম আরআইএ-নভোস্তি ও তাস লেসিনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে বলছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত বৃহস্পতিবার লেসিনের লাশ উদ্ধার করা হয়। লেসিন রাশিয়ার সাবেক প্রেস মিনিস্টার ছিলেন। তিনি গ্যাজপ্রম-মিডিয়া হোল্ডিং গ্রুপের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, ওয়াশিংটনের ডুপন্ট সার্কেল হোটেলের একটি কক্ষ থেকে লেসিনের লাশ উদ্ধার করা হয়।
লেসিন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগী হিসেবে কাজ করেন। সে সময়ে তাঁর পরামর্শেই সংবাদ চ্যানেল ‘রাশিয়া টুডে’র আবির্ভাব ঘটে। গত শুক্রবার সংবাদ সংস্থা তাসকে পুতিন বলেন, ‘আধুনিক রুশ গণমাধ্যমের গঠনে মিখাইল লেসিনের অসাধারণ অবদান রয়েছে।’