রাশিয়া–ইউক্রেন যুদ্ধ
যুদ্ধ বন্ধের আলোচনায় গতি
তুরস্কের মধ্যস্থতায় এ আলোচনা নিয়ে আশাবাদী ইসরায়েল। গতকালও ইউক্রেনের বিভিন্ন শহর থেকে বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়া হয়।
যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর তুরস্কের মধ্যস্থতায় আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তুরস্কের আন্তালিয়ায় আজ বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
অবশ্য সাময়িক যুদ্ধবিরতির মধ্যে গতকাল বুধবারও ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরে হাসপাতালে রাশিয়ার বোমা হামলা হয়েছে। রাজধানী কিয়েভের আশপাশে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। আগের দুদিনও দুই পক্ষের লড়াইয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে।
যুদ্ধ বন্ধে আলোচনার জন্য গতকালই তুরস্কে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা গতকাল এক ভিডিও বার্তায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেছেন, দোষারোপের দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে শুভচিন্তা নিয়ে আলোচনায় বসতে হবে।
এ আলোচনা নিয়ে আশাবাদী মধ্যস্থতায় ভূমিকা রাখা আরেক দেশ ইসরায়েল। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা বলেছেন, রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের অবস্থান আগের চেয়ে নমনীয় হয়েছে। রাশিয়ার পক্ষ থেকে শুধু দোনবাস অঞ্চলকে নিরস্ত্রীকরণের কথা বলা হচ্ছে।
যুদ্ধ বন্ধের আলোচনার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নমনীয় সুর লক্ষ করা যাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোয় ইউক্রেনের যোগ দেওয়ার বিষয়ে আর গুরুত্ব দিতে চান না। মূলত ন্যাটোতে ইউক্রেনের যোগদানের আগ্রহের বিষয়ে শুরু থেকে আপত্তি জানিয়ে আসছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ বন্ধে রাশিয়ার পক্ষ থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছে, তার মধ্যে ইউক্রেন ন্যাটোর মতো কোনো জোটে যাবে না, এমন ঘোষণা দিয়ে সংবিধান সংশোধনের কথাও বলা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, অনেক আগেই তিনি এ বিষয়ে শান্ত হয়েছেন, যখন বুঝতে পেরেছেন ন্যাটো ইউক্রেনকে গ্রহণ করতে প্রস্তুত নয়। ন্যাটো বিতর্কিত বিষয়গুলোকে ভয় পায় মন্তব্য করে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সংঘাতের বিষয়েও ন্যাটো শঙ্কিত।
তুরস্ক ন্যাটোর সদস্য হলেও প্রেসিডেন্ট এরদোয়ান রাশিয়ার বিষয়ে পশ্চিমাদের সঙ্গে সুর মেলাননি। তিনি বলেছেন, ইউক্রেনের জনগণের সঙ্গে যা ঘটছে, তা তুরস্ক সমর্থন করে না। অপর দিকে রাশিয়ার ওপর যেভাবে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, তার সমালোচনা করেছেন এরদোয়ান।
গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনকে জোটনিরপেক্ষ করার লক্ষ্য অর্জন নিশ্চিত করবে মস্কো। সংঘাতের বদলে আলোচনার মাধ্যমেই তা অর্জন করার পক্ষে তারা। ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা সমঝোতা আলোচনায় এ বিষয়ে ‘কিছুটা অগ্রগতিও’ হয়েছে।
সাময়িক যুদ্ধবিরতি
রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে থাকা ইউক্রেনের শহরগুলো থেকে বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিতে গতকাল বুধবারও সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। রাজধানী কিয়েভের আশপাশের ইরপিন, হোস্তোমেল, বুচা, বোরোদিয়াঙ্কা ও ভোরজেল, দক্ষিণ–পূর্বাঞ্চলের মারিউপোল, ভলনোভাখা ও এনারহোদার, উত্তরাঞ্চলের সুমি, পূর্বাঞ্চলের ইজিউম শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা হামলা বন্ধ রাখার ঘোষণা দেয় রুশ বাহিনী। মঙ্গলবার গুরুত্বপূর্ণ চারটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও শুধু সুমি থেকে সাত হাজার মানুষকে সরিয়ে নেওয়া সম্ভব হয়।
যুদ্ধবিরতির মধ্যে হামলা
সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সেনাদের হামলায় প্রাণহানি ঘটছে। গতকাল মারিউপোলের একটি হাসপাতালের প্রসূতি ও শিশু বিভাগে বিমান থেকে ফেলা বোমায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। সপ্তাহখানেক ধরে রুশ সেনাদের ঘেরাওয়ের মধ্যে থাকা এই বন্দরনগরীতে এখন পর্যন্ত ১ হাজার ১৭০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে। এর আগে মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে হামলায় ২৭ জনের প্রাণহানি হয়। তার আগের রাতে সুমি শহরে বোমা হামলায় মারা গেছেন ২২ জন। সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্রো ঝিভিৎস্কা বলেছেন, রুশ সেনারা আবাসিক এলাকায় হামলা চালিয়ে নির্বিচার মানুষ হত্যা করেছেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘এক সন্ধ্যায় তিন বোমা হামলা...এক ভয়ংকর রাত!’
গতকাল ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, রাজধানী কিয়েভেও ঢোকার চেষ্টা করেছেন রুশ সেনারা। তাঁদের আক্রমণ প্রতিহত করে অবস্থান ধরে রেখেছে ইউক্রেন বাহিনী। রুশ সেনাদের অনেকে হতাহত হওয়ায় তাঁরা ছদ্মবেশ নিয়ে কিয়েভে ঢোকার চেষ্টা করছেন। নিজেদের লোক সংগ্রহের চেষ্টা করছেন তাঁরা। এ বিষয়ে রাশিয়ার বক্তব্য জানা যায়নি।
কিয়েভের কাছের ইরপিন শহরে গতকালও রুশ বাহিনীর হামলা হয়েছে। তাদের অবিরাম গুলিবর্ষণের মধ্যেই বাসিন্দারা শহর ছেড়েছেন। রাজধানীর দিকে রুশ বাহিনীর এগিয়ে যাওয়া ঠেকাতে এ শহরের একটি সেতু উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের সেনারা।
সীমান্তে সহায়তার আহ্বান
রুশ হামলা শুরুর পর ইউক্রেন ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন ২০ লাখের বেশি মানুষ। এখনো শরণার্থীর ঢল অব্যাহত রয়েছে। ইউক্রেনের পাশের দেশগুলোর সীমান্তে খোলা আশ্রয়শিবিরগুলোতে সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। গতকাল স্টকহোমে এক সংবাদ সম্মেলেন তিনি বলেন, শরণার্থীদের কীভাবে বিভিন্ন দেশে পাঠানো হবে, সে আলোচনার চেয়ে এখন সীমান্তে সহায়তা পাঠানো জরুরি হয়ে পড়েছে।
ইউক্রেনের সীমান্তবর্তী দেশ মলদোভা শরণার্থীর চাপে বেসামাল পরিস্থিতির মধ্যে পড়েছে বলে জানান ফিলিপ্পো গ্রান্ডি। গত শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তাঁরা প্রায় সামর্থ্যের শেষ বিন্দুতে পৌঁছে গেছেন।