ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে চলমান বিমান হামলা থেকে কানাডা তাদের যুদ্ধবিমান প্রত্যাহার করে নেবে। দেশটির হবু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের।
সাধারণ নির্বাচনে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন জয়ের প্রেক্ষাপটে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে ট্রুডো ইরাক ও সিরিয়ায় হামলার জন্য নিয়োগ করা সিএফ-১৮ যুদ্ধবিমান দেশে ফিরিয়ে আনার কথা বলেছিলেন। ২০১৬ সালের মার্চ পর্যন্ত ওই অঞ্চলে কানাডার যুদ্ধবিমানগুলো রাখার কথা ছিল।
গত সোমবার কানাডার সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি বিপুল ব্যবধানে জয় পায়। সাবেক শিক্ষক জাস্টিন ট্রুডো আধুনিক কানাডার জনক হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর বড় ছেলে। লিবারেল পার্টির জয়ের মধ্য দিয়ে দেশটিতে কনজারভেটিভ পার্টির প্রায় এক দশকের শাসনের অবসান হয়।
ওবামার সঙ্গে প্রথম টেলিফোন আলাপে ট্রুডো বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইরাক ও সিরিয়ায় মোতায়েন কানাডার যুদ্ধবিমান প্রত্যাহার করবেন তিনি। যুদ্ধবিমান প্রত্যাহার করা হলেও কানাডার সামরিক প্রশিক্ষকদের ইরাকে রাখবেন বলে জানিয়েছেন ট্রুডো। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, তারা আশা করে কানাডার নতুন সরকার আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটকে সহায়তা অব্যাহত রাখবে।
নির্বাচনী প্রতিশ্রুতিতে ট্রুডো চিকিৎসার প্রয়োজনে গাঁজাকে বৈধতা দেওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে নীতি পরিবর্তনের অঙ্গীকার দিয়েছিলেন।
পররাষ্ট্রনীতিতেও পরিবর্তনের কথা বলেছেন ট্রুডো। নির্বাচনে জয়ের পর অটোয়াতে তরুণ সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে ট্রুডো বলেন, ‘বিশ্বব্যাপী যারা এই দেশের বন্ধু, তারা অনেকেই বিস্মিত যে গত ১০ বছরে বৈশ্বিক কোনো ইস্যুতে কানাডার গঠনমূলক কোনো ভূমিকা নেই। আপনাদের জন্য ৩ কোটি ৫০ লাখ নাগরিকের পক্ষ থেকে আমার অভিন্ন বার্তা হলো, আমরা ফিরে এসেছি।’