যুদ্ধাপরাধী গ্রোয়েনিংয়ের চার বছর কারাদণ্ড

জার্মানির লুনেবুর্গ শহরের প্রাদেশিক আদালত ৯৪ বছর বয়সী কুখ্যাত যুদ্ধাপরাধী অস্কার গ্রোয়েনিংকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। তিন মাস ধরে চলা বিচার শেষে গতকাল বুধবার তাঁকে দণ্ড দেওয়া হলো।
একাত্তর বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের অশউইৎজ বন্দী শিবিরে প্রায় তিন লাখ মূলত ইহুদি যুদ্ধবন্দীকে হত্যায় সহায়তাকারী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন গ্রোয়েনিং।
অশউইৎজ শিবিরে বন্দীদের কাছ থেকে কেড়ে নেওয়া টাকাকড়ি ও জিনিসপত্রের হিসাব রাখার দায়িত্ব ছিল গ্রোয়েনিংয়ের। এ জন্য তাঁর পরিচিতি পেয়েছিলেন ‘অশউইৎজের হিসাবরক্ষক’ নামে। গত ২১ এপ্রিল লুনেবুর্গে বিচার শুরু হওয়ার পর আসামির অসুস্থতার কারণে আদালতের কার্যক্রম কয়েকবার পিছিয়ে যায়। লোয়ার সাক্সোনি প্রদেশের ছোট শহর লুনেবুর্গের কাছেই বাস করতেন গ্রোয়েনিং।
আদালতে গ্রোয়েনিং দাবি করেন, বন্দী শিবিরে গ্যাস চেম্বার ও যুদ্ধবন্দীদের গণহত্যার ব্যাপারটি তিনি জানতেন না। গণহত্যার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার ব্যাপারটি অস্বীকার করে গ্রোয়েনিং বলেন, তিনি সেখানে শুধু একজন কর্মচারী ছিলেন। তবে একপর্যায়ে কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
বিচার-প্রক্রিয়ার শুরুতে রাষ্ট্রীয় কৌঁসুলি ইয়েনস লেম্যান বলেছিলেন, এই যুদ্ধাপরাধী ১৯৪৪ সালের মধ্য মে থেকে মধ্য জুলাই পর্যন্ত দুই মাসে ১৩৭টি ট্রেনে করে নিয়ে আসা যুদ্ধবন্দীদের টাকাপয়সা, গয়নাগাটির মতো মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করে তালিকা তৈরি করতেন। এরপর বন্দীদের অধিকাংশকেই বিশাল হল-সদৃশ্য গ্যাস চেম্বারে ঢুকিয়ে হত্যা করা হতো। ওই দুই মাস সময়ে অন্তত তিন লাখ বন্দীকে হত্যার সহযোগী হিসেবে তাঁকে অভিযুক্ত করা হয়।
এই বিচার-প্রক্রিয়ায় যোগ দিতে ৬৭ জন সাক্ষী এসেছিলেন কানাডা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও হাঙ্গেরি থেকে। তাঁদের সঙ্গে ছিলেন ১৪ জন আইনজীবী। বিচার প্রত্যক্ষ করতে আসেন নানা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকেরা।
এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর গ্রোয়েনিং ব্রিটিশ সেনাবাহিনীর হাতে কিছুদিন আটক ছিলেন। তবে উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান। ১৯৭৭ সালে ফ্রাঙ্কফুর্টের সরকারি কৌঁসুলিরাও তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন। কিন্তু সেবারও যথেষ্ট প্রমাণের অভাবে ১৯৮৫ সালে সেই অভিযোগ খারিজ হয়ে যায়।
দুই বছর আগে জার্মানির বাডেনভুর্টেনবুর্গ রাজ্যের লুডভিগবুর্গ শহরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধবিষয়ক কেন্দ্রীয় মহাফেজখানায় একটি দলিল খুঁজে পাওয়া যায়। এতে অশউইৎজ বন্দী শিবিরে কর্মরত এস এস বাহিনীর এখনো জীবিত ৩০ জন কর্মচারীর নাম-পরিচয় খুঁজে পাওয়া গিয়েছিল। অস্কার গ্রোয়েনিং তাদের অন্যতম।