যুদ্ধাপরাধী গ্রোয়েনিংয়ের মুখোমুখি চার ভুক্তভোগী

৭১ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের কুখ্যাত অশউইৎজ বন্দিশিবিরে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তাঁরা চারজন। সেই অশউইৎজের ‘হিসাবরক্ষক’ হিসেবে কুখ্যাত নাৎসি সদস্য অসকার গ্রোয়েনিংয়ের মুখোমুখি হলেন তাঁরা আদালতে।
গ্রোয়েনিংয়ের বিচারের শুনানির দ্বিতীয় দিনে গতকাল বুধবার লুনেবুর্গের আদালতে সাক্ষ্য দেন যুক্তরাষ্ট্র থেকে আসা একজন সাক্ষী। সাবেক ওই যুদ্ধবন্দী গ্রোয়েনিংকে শনাক্ত করে বলেছেন, বন্দিশিবিরে আনা মানুষদের বাছাই করার যে মঞ্চ ছিল, সেখানে দাঁড়িয়ে থাকতেন তিনি। ওই মঞ্চ দিয়ে হেঁটে যাওয়ার পর ঠিক হতো, কোন বন্দীদের হত্যার জন্য গ্যাস চেম্বারে প্রবেশ করানো হবে।
লোয়ার সাক্সোনি প্রদেশের ছোট শহর লুনেবুর্গের কাছে বসবাসরত যুদ্ধাপরাধী ৯৩ বছর বয়সী অসকার গ্রোয়েনিং মঙ্গলবার আদালতে বলেন, কাজে যোগ দেওয়ার আগে তিনি অশউইৎজ শিবিরে গ্যাস চেম্বার ও যুদ্ধবন্দীদের গণহত্যার ব্যাপারটি জানতেন না। গণহত্যায় সরাসরি সংশ্লিষ্টতার ব্যাপারটি তিনি অস্বীকার করেন। তবে গ্রোয়েনিং কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করে আদালতে ক্ষমা চান।
আদালত আগামী জুলাই মাস পর্যন্ত ২৭টি শুনানির দিন ধার্য করেছেন। অসকার গ্রোয়েনিংয়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ন্যূনতম তিন থেকে পনেরো বছরের কারাদণ্ড হতে পারে। অন্তত তিন লাখ বন্দীকে হত্যার সহযোগী হিসেবে তাঁকে অভিযুক্ত করা হয়েছে।
সাক্ষ্য দিতে আসা অশউইৎজ শিবিরের সেই সময়ের বন্দীদের কেউ কেউ এসেছেন পুত্র-কন্যা বা নাতিনাতনিদের নিয়ে। এঁদের একজন আদালত প্রাঙ্গণে বলেন, ‘আমি আমার সব শক্তিকে সঞ্চিত করে এই যুদ্ধাপরাধীর মুখোমুখি হতে এসেছি। আমরা জানি, গ্রোয়েনিং বলবেন, তিনি কিছুই জানতেন না বা একজন সাধারণ কর্মচারী ছিলেন মাত্র। কিন্তু তিনিও আমাদের পরিজনদের হত্যায় পরোক্ষভাবে যুক্ত ছিলেন।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর ব্রিটিশ সেনাবাহিনীর হাতে কিছুদিন আটক থাকলেও উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান গ্রোয়েনিং। ১৯৭৭ সালে ফ্রাংকফুর্টের সরকারি কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন। সেবারও উপযুক্ত প্রমাণের অভাবে ১৯৮৫ সালে সেই অভিযোগ খারিজ হয়ে যায়। দুই বছর আগে জার্মানির লুডভিগবুর্গ শহরে অবস্থিত দ্বিতীয় বিশ্বযুদ্ধবিষয়ক কেন্দ্রীয় মহাফেজখানায় পাওয়া একটি দলিলের সূত্র ধরে অশউইৎজে কর্মরত এসএস বাহিনীর প্রহরী ও কর্মচারীদের মধ্যে এখনো জীবিত ৩০ জন যুদ্ধাপরাধীর নাম-পরিচয় খুঁজে পাওয়া গিয়েছিল। অসকার গ্রোয়েনিং তাঁদেরই অন্যতম।