যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তরাঞ্চলে গত সোমবার অন্তত চারটি হাসপাতাল ও দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার দায় অস্বীকার করেছে রাশিয়া। ন্যাটোর সদস্য ফ্রান্স ও তুরস্ক ওই হামলাকে যুদ্ধাপরাধ বলে চিহ্নিত করেছে। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। খবর এএফপি ও গার্ডিয়ানের।
সোমবারের হামলায় তুরস্ক সীমান্তসংলগ্ন আজাজ শহরের দুটি হাসপাতাল ও দুটি স্কুল এবং মারাত আল-নুমান শহরের দুটি হাসপাতাল বিধ্বস্ত হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই অঞ্চলে ওই হামলায় ৫০ জনেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এতে রাশিয়া জড়িত বলে অভিযোগ করে। তারা এই হামলাকে ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ বলেও আখ্যায়িত করে। গতকাল মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু ওই হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যায়িত করে বলেন, ‘গত বছরের ৩০ সেপ্টেম্বর থেকে এই নিষ্ঠুর, বর্বর ও ঘৃণ্য বিমান হামলা চলছে। সামরিক বা বেসামরিক নাগরিক, শিশু বা বৃদ্ধ—কোনো বাছবিচার ছাড়াই চলছে এই হামলা।’
প্রধানমন্ত্রী দাভুতোগলু বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের মতো রাশিয়া এমন আচরণ অব্যাহত রাখলে আমরা কঠোরভাবে এর জবাব দেব।’
সোমবারের হামলার বিষয়ে ফ্রান্সের প্রতিক্রিয়ার ভাষা তুরস্কের চেয়ে নরম ছিল। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ মাক এহু বলেন, ‘স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলোতে সরকারি বাহিনী বা তাদের সমর্থকদের হামলা অগ্রহণযোগ্য। অচিরেই এটি বন্ধ হওয়া উচিত। এটি যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে।’
গতকাল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মুখপাত্র রুপার্ট কোলভিলও সিরিয়ার হামলায় নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যে এলাকায় হামলা হয়েছে, সেখানে সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান খুবই সক্রিয়। তাদেরই জানার কথা, হামলাটি কে বা কারা করেছে।... এই হামলা যদি ইচ্ছাকৃত হয়, তবে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।’
তুরস্কসহ কয়েকটি দেশের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাশিয়া সোমবারের হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া সেদিন উত্তর সিরিয়ায় কোনো বোমা হামলা চালায়নি। হামলার অভিযোগ অবাস্তব।
পেসকভ বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে হামলার অভিযোগ অস্বীকার করছি। যারা এ অভিযোগ এনেছে, তারা এর প্রমাণ দিতে পারবে না।’
সোমবারের হামলায় চরম ক্ষুব্ধ তুরস্ক গতকাল সিরিয়ায় স্থলবাহিনীর হামলার প্রস্তাব দেয়। দেশটির এক পদস্থ সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে গার্ডিয়ান জানায়, এই হামলা তারা একা করতে চায় না। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের হামলায় অংশ নিতে আহ্বান জানায় তারা। ওই কর্মকর্তা বলেন, স্থল হামলা ছাড়া সিরিয়ায় বিজয় অসম্ভব।
নিরাপত্তা পরিষদের অধিবেশন: রাশিয়ার অনুরোধে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন ডাকা হয়। রাশিয়াপন্থী কুর্দিদের ওপর তুরস্কের হামলার কারণে এ অধিবেশন ডাকার অনুরোধ জানায় রাশিয়া।
পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সোমবার জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। অব্যাহত হামলা বন্ধ করে শান্তির পথ বাতলাতেই দামেস্কে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
সিরিয়ায় আসাদ সরকারের সমর্থনে রাশিয়া বিমান হামলা শুরু করার পর থেকে তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। সীমান্তে তুর্কি গোলায় রুশ জঙ্গি বিমান ভূপাতিত হওয়া নিয়ে দুই দেশের তিক্ততা চরমে ওঠে। তুরস্ক দীর্ঘ সময় ধরে আসাদবিরোধীদের সমর্থন দিয়ে আসছে।