যুদ্ধাপরাধের 'নৈতিক দায়' স্বীকার কারাদজিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসনিয়া-হারজেগোভিনায় সংঘটিত যুদ্ধাপরাধের ‘নৈতিক দায়’ গ্রহণ করেছেন নিন্দিত সাবেক সার্ব নেতা রাদোভান কারাদজিচ। তবে গণহত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। কারাদজিচ নেদারল্যান্ডসের দি হেগের আদালতে আত্মপক্ষ সমর্থন করে গতকাল বুধবার তাঁর চূড়ান্ত বক্তব্য উপস্থাপন শুরু করেন। খবর এএফপি ও বিবিসির।
বসনিয়ায় সংঘটিত অপরাধের জন্য সব সার্ব নাগরিককেই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে বলেও মন্তব্য করেছেন কারাদজিচ। বলকান যুদ্ধের সময় বসনিয়ার স্রেব্রেনিৎসা শহরে ১৯৯৫ সালের জুলাই মাসে গণহত্যা চালায় জাতিগত সার্ব বাহিনী। তখন বসনীয় সার্বদের নেতা ছিলেন কারাদজিচ। স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছিল সাড়ে সাত হাজারের বেশি বসনীয় মুসলিমকে।
সাবেক যুগোস্লাভিয়া-বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটিওয়াই) গতকাল ৮০০ পৃষ্ঠার লিখিত বক্তব্য উপস্থাপন শুরু করেন ৬৯ বছর বয়সী কারাদজিচ। আদালত তাঁকে মোট ১০ ঘণ্টা কথা বলার সময় দিয়েছেন। দুই দিনে তিনি নিজের বক্তব্য উপস্থাপন করবেন। গতকালের বক্তব্যে কারাদজিচ স্রেব্রেনিৎসা হত্যাযজ্ঞসহ তাঁর বিরুদ্ধে আনা গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সব অভিযোগ অস্বীকার করেন। তিনি আদালতের উদ্দেশে বলেন, ‘সব দায় সার্ব জনগণের। আমি সত্য জানি। বাদীপক্ষও জানে। তারা উদ্দেশ্যমূলকভাবে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’
কারাদজিচ ১০টি অভিযোগের সবই অস্বীকার করলেও ভুক্তভোগীদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন, দেশের নাগরিকেরা ও সার্ব বাহিনী যেসব অপরাধ করেছে, তার ‘নৈতিক দায়’ প্রেসিডেন্ট হিসেবে তাঁর ওপর বর্তায়।
এর আগে গত মঙ্গলবার যুক্তি উপস্থাপন শেষ করেন মামলার বাদীপক্ষের আইনজীবীরা। তাঁরা কারাদজিচের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন। আগামী এক বছরের মধ্যে বিচারকেরা মামলার রায় দেবেন বলে আশা করা হচ্ছে।