যুদ্ধের প্রভাবে জার্মানিতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, তেল–ময়দার আকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপারমার্কেটে ভোজ্যতেলের তাকগুলো খালি পড়ে আছে
ছবি: প্রথম আলো

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে গত সপ্তাহ থেকে জার্মানিতে বেশ কিছু নিত্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে। দেশটির ছোট–বড় সব শহরের সুপারমার্কেটগুলোতে ভোজ্যতেল ও ময়দা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। যুদ্ধের কারণে সুপারমার্কেটের তেল ও ময়দার তাকগুলো বেশির ভাগ সময় খালি পড়ে থাকছে। একই সঙ্গে বেড়েছে গ্যাস ও জ্বালানি তেলের দাম।

গত বছর ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় এমন পরিস্থিতি হয়েছিল। এবারের যুদ্ধকালীন পরিস্থিতিতে জরুরি খাদ্যপণ্যের ঘাটতি আরও শোচনীয় হয়ে উঠেছে। ক্রমবর্ধমান জ্বালানি গ্যাস, জ্বালানি তেল, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও সংকট গ্রাহকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গম, ময়দা, দুধ, পনির, রুটি, পাস্তা ও রান্নার তেলের মতো পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূর্যমুখী তেলের দাম আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। বাড়তি দামে পণ্য কেনার পরও সমস্যার সমাধান হয়নি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহব্যবস্থা যুদ্ধের কারণে অনিয়মিত হয়ে পড়েছে। একশ্রেণির ক্রেতা অতিরিক্ত পণ্য ক্রয় ও মজুত করায় এ ধরনের পরিস্থিতি হয়েছে।
জার্মানির বড় সুপারমার্কেট এডেকা, রেভে, রিয়াল, কাউফল্যান্ড এবং ডিসকাউন্ট চেইন আলডি, লিডল, নেটো ও পেনিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অনেক তাক খালি হয়ে গেছে। বিশেষ করে সূর্যমুখী তেল, উদ্ভিজ্জ তেল, রেপসিড অয়েল ও কর্ন অয়েলের মতো ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি গ্রাহকদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। সুপারমার্কেটগুলোতে গ্রাহকপ্রতি তেল বিক্রি সীমিত করার জন্য চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি।

জার্মানির অ্যাসোসিয়েশন অব দ্য অয়েল সিড প্রসেসিং ইন্ডাস্ট্রি ইন (ওভিআইডি) জানিয়েছে, রান্নায় ব্যবহৃত তেলের মাত্র ৬ শতাংশ আসে দেশের ভেতর থেকে। বাকি ৯৪ শতাংশ ভোজ্যতেল আমদানি করা হয়। প্রতিবছর জার্মানি ৩০ টন সূর্যমুখী তেল ইউক্রেন থেকে আমদানি করে থাকে। বর্তমানে বিশ্ববাজারে সূর্যমুখী তেল রপ্তানির ৫১ শতাংশ ইউক্রেনের দখলে আর রাশিয়ার দখলে ২৭ শতাংশ।

শুধু ভোজ্যতেল ও খাদ্যপণ্যের দামই নয়, যুদ্ধের কারণে জার্মানিতে জ্বালানি তেল ও গ্যাসের দাম ক্রমে বাড়ছে। গ্যাসের দাম ৩৫ দশমিক ৭ শতাংশ ও বিদ্যুতের দাম ১৩ শতাংশ বেড়েছে৷

চলতি মাসের শুরুতে জার্মানির ডয়েচে ব্যাংক দেশের অর্থনৈতিক পূর্বাভাস পরিবর্তন করেছে। নতুন প্রতিবেদনে আরও মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধি কমার আভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে জার্মানিতে মূল্যস্ফীতি ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।