রুশ বাহিনীর হামলার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে গেলেন ইউরোপের তিনটি দেশের প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার তাঁরা পোল্যান্ড থেকে ট্রেনে চড়ে কিয়েভে যান। প্রায় তিন সপ্তাহ আগে যুদ্ধ শুরুর পর প্রথম অন্য কোনো দেশের সরকারপ্রধান হিসেবে তাঁরা কিয়েভে গেলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠকের কথা রয়েছে।
এদিকে রুশ বাহিনীর হামলা বাড়ায় কিয়েভে গতকাল রাত ৮টা থেকে ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। যুদ্ধ বন্ধে গতকালও সমঝোতা আলোচনায় বসেছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। গতকাল রাত ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনার ফলাফল জানা যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল ন্যাটো জোটের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ইউক্রেনে নো–ফ্লাই জোন (বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা) ঘোষণা না করায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই সামরিক জোটের কঠোর সমালোচনা করেন তিনি। জেলেনস্কি বলেন, ন্যাটো বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোট। কিন্তু জোটের কিছু সদস্য রাশিয়ার বশীভূত হয়ে আছে।
এই পরিস্থিতিতে ন্যাটো জোটের তিন সদস্যদেশের প্রধানমন্ত্রীরা গতকাল কিয়েভে যান। তাঁরা হলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেজ জানসা। এই তিন দেশ ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য।
কিয়েভ সফর নিয়ে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি পুরো ইউরোপীয় ইউনিয়নের অকুণ্ঠ সমর্থন জানাতে তাঁরা এই সফর করছেন।’ এ ছাড়া সফরে ইউক্রেনের নাগরিকদের জন্য ত্রাণসহায়তা তুলে দেওয়া হবে।
যুদ্ধের মধ্যে তিন নেতার কিয়েভ সফরকে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছিল। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, তাঁদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রীর শীর্ষ সহযোগী মিখাল বরজিক জানান, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তিন নেতা জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।
ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা গত সোমবার ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে চতুর্থ দফা সমঝোতা আলোচনা শুরু করেছিলেন। কারিগরি ত্রুটির কারণে আলোচনা বন্ধ হয়ে যায়। গতকাল আবার আলোচনায় বসেন তাঁরা। এই বৈঠক চলার মধ্যেই মস্কোতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তিনি বলেন, শান্তি আলোচনার কাজটি খুবই কঠিন এবং বর্তমান অবস্থার ভিত্তিতে বলা যায়, আলোচনা ইতিবাচকভাবেই অব্যাহত রয়েছে।
অপর দিকে ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এই শান্তি আলোচনা সফল না হলে রাশিয়া নতুন করে বড় ধরনের হামলা শুরু করতে পারে।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের ইচ্ছা ইউক্রেনের অনেক দিনের। কিন্তু রাশিয়ার শঙ্কা, প্রতিবেশী ইউক্রেন যদি ওই জোটে যোগ দেয়, তাহলে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই যেকোনোভাবেই হোক ইউক্রেনের ন্যাটোতে যোগদান ঠেকাতে চায় ক্রেমলিন।
গতকাল সেই বিষয়ই উল্লেখ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আদোল্লাহিয়ানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেছেন, এই শান্তি আলোচনার উদ্দেশ্যে হচ্ছে ইউক্রেনকে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিশ্চিত করা। মস্কো সেটা দেখতে চায়।
ইউক্রেনও ন্যাটোতে যোগদানের আশা প্রায় ছেড়ে দিয়েছে বলে মনে হচ্ছে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কির কথায়। ন্যাটোতে যোগদানের দরজা বন্ধ হলেও তাদের সহায়তা যেন বন্ধ না হয়, সেই আহ্বান গতকাল এক ভিডিও বার্তায় জানান তিনি।
কিয়েভে রুশ হামলা জোরদার, নিহত ৪
আলোচনায় যোগ দিলেও গত সোমবার মধ্যরাত থেকে কিয়েভে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। কিয়েভ শহরের প্রশাসক গতকাল জানিয়েছেন, রুশ বাহিনী সোমরাত মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে কিয়েভের তিনটি আবাসিক ভবন, একটি ব্যক্তিগত বাড়ি ও একটি মেট্রো স্টেশন রয়েছে। কিয়েভের একটি আবাসিক ভবনে রুশ বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এদিকে ইউক্রেনের নিপরো বিমানবন্দরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ওই অঞ্চলের প্রশাসন। তারা বলেছে, হামলায় বিমানবন্দরটির ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে কিয়েভের উপকণ্ঠে গুলিতে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ক্যামেরাপারসন পিয়েরে জাকারজেউস্কি (৫৫) ও সাংবাদিক ওলেকসান্দ্রা কুভশিনোভা (২৪) নিহত হয়েছেন। পিয়েরে আইরিশ নাগরিক। আর ওলেকসান্দ্রা ইউক্রেনের। এর আগে মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনড গুলিতে নিহত হন।
গতকাল এক বিবৃতিতে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, ‘আজ কঠিন ও বিপজ্জনক সময়। সামরিক কমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ জারি করা হয়েছে। এ জন্য এই দুই দিন ঘরে থাকতে অথবা বিপদের সাইরেন বাজলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য আমরা সব কিয়েভবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’ বিবিসির খবরে বলা হয়েছে, কিয়েভমুখী সাঁজোয়া যানের বিশাল বহরটি গতকাল পর্যন্ত শহরটির কেন্দ্রস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ছিল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, গত এক সপ্তাহে রাশিয়ার বহরটির আহামরি কোনো অগ্রগতি হয়নি। রুশ বাহিনী কিয়েভের কেন্দ্রস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে।
পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা
রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফার নিষেধাজ্ঞা অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি ও স্টিলের পণ্য রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যও রাশিয়ার বিরুদ্ধে ৩৭০টি নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও রয়েছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনসহ তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সাবেক মার্কিন কর্মকর্তা বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।