যুদ্ধের মধ্যে সংগীতশিল্পীর ভিন্ন রকম লড়াই
ইউক্রেনের খারকিভ শহরের বাসিন্দা তৈমুর আলেভ (২৩) একজন সংগীতশিল্পী। রুশ বাহিনীর বোমা হামলায় শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে। মারা গেছেন অনেকে। প্রাণ বাঁচাতে শহরটি ছেড়ে অনেক মানুষ পালিয়ে গেছেন। কিন্তু তাঁদের মধ্যে ব্যতিক্রম তৈমুর। রুশ বাহিনীর হামলার মুখেও তিনি নিজের শহরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
শহরটিতে থেকে যাওয়া বা আটকা পড়া বিপদগ্রস্ত মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়েন তিনি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর তৈমুর এবং তাঁর বড় ভাই রামিল নিজেদের কাছে থাকা নগদ দিয়ে খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনেন। এসব খাবার ও জিনিসপত্র তাঁরা আটকে পড়া মানুষের মধ্যে বিতরণ করে যাচ্ছেন।
তৈমুরের এই মানবকল্যাণের উদ্যোগটি প্রথমে ছোট করে শুরু হলেও পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। তৈমুরের দেখাদেখি তাঁদের সঙ্গে আরও কয়েক ডজন স্বেচ্ছাসেবী যুক্ত হন, যাঁরা পাইকারি দামে গুদাম এবং দোকান থেকে যতটা সম্ভব পণ্য সংগ্রহ করেন। এসব পণ্য তাঁরা এক জায়গায় জড়ো করে কখনো গাড়ি আবার কখনো হেঁটে হেঁটে দুর্দশাগ্রস্ত নিরুপায় মানুষের মধ্যে বিতরণ করেন।
রয়টার্সকে তৈমুর বলেন, ‘আমি বয়সে তরুণ। একজন র্যাপার, একজন সংগীতশিল্পী। খারকিভ শহরের উপকণ্ঠে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম। সেদিন ভয়াবহ শব্দে আমার ঘুম ভাঙে। খুব ভীতিকর শব্দ ছিল। সর্বত্র বিস্ফোরণ, বিস্ফোরণ, বিস্ফোরণ আর বিস্ফোরণ।’
জুমের সাহায্যে দেওয়া এক সাক্ষাৎকারে তৈমুর আরও বলেন, ‘আমরা দেশের এবং আমাদের শহরের ক্ষত এবং বেদনা সারিয়ে তুলব। আমরা দেশ নির্মাণে প্রস্তুত এবং যুদ্ধ শেষ হলে আমরা এটি পুনর্নির্মাণ করতে প্রস্তুত। আমরা কোথাও যাচ্ছি না।’
আজারবাইজান বংশোদ্ভূত ইউক্রেনের নাগরিক তৈমুর বলেন, প্রাথমিকভাবে বিদেশে অবস্থান করা মানুষজন অর্থসহায়তা করছিলেন। কিন্তু যুদ্ধের কারণে ব্যাংক থেকে নগদ অর্থ তোলা আরও কঠিন হয়ে পড়েছে। তৈমুর মানুষজনকে নগদ অর্থের পরিবর্তে খাবার পাঠানোর আহ্বান করেন। তিনি জানান, কৌশলে এখানে এখনো খাবার পাঠানো সম্ভব। কারণ, রুশ বাহিনী এখনো খারকিভ শহরকে বিচ্ছিন্ন করতে পারেনি।
মস্কো দাবি করছে, যুদ্ধে বেসামরিক লোকদের লক্ষ্য বানাচ্ছেন না ইউক্রেনের সেনারা। ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিমুক্ত করতে তাদের এই বিশেষ অভিযান।
কিন্তু তৈমুরের বক্তব্যে তার পুরোটায় উল্টো চিত্র উঠে এসেছে। একজন ব্লগার তাঁর অভিজ্ঞতার কথা রেকর্ড করেছেন এবং নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে, বোমা হামলায় শহরের বিভিন্ন এলাকা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে।
যুদ্ধে শহরে কাজ করতে ভয় পাওয়ার কথা জানালেও তৈমুরের কণ্ঠে যেন আশার বাণী। সহায়তা পাওয়া ব্যক্তিরা যখন হাসি দেন, সেটা তাঁর কাছে অনেক বড় কিছু বলে জানান তিনি। বলেন, হাসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটি হাসি অন্য সবাইকে উদার করে।