যে ক্যান্ডি খেলে সুগন্ধি হবে শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এরকম একটি চকলেট খেলেই ছয় ঘণ্টা সুগন্ধে ভরপুর থাকবে শরীর। বুলগেরিয়ায় এই চকলেট তৈরি হয়েছে। ছবি: এএফপি
এরকম একটি চকলেট খেলেই ছয় ঘণ্টা সুগন্ধে ভরপুর থাকবে শরীর। বুলগেরিয়ায় এই চকলেট তৈরি হয়েছে। ছবি: এএফপি

শরীরটাকে সুগন্ধি করে তুলতে কত কিছুই না করে মানুষ। এ জন্য সুগন্ধি জিনিসেরও কমতি নেই। আর তা ব্যবহারের কৌশল হিসেবে রয়েছে স্প্রে, রোল-অন, স্টিক ইত্যাদি। এবার এসেছে ক্যান্ডি। এই ডিও পারফিউম ক্যান্ডি খেলে তার উপাদান থেকে নিঃসৃত সুগন্ধি উপাদানে শরীরটা সৌরভময় থাকবে পাক্কা ছয় ঘণ্টা।
আজ শনিবার এএফপির খবরে এমনটা দাবি করা হয়।
খবরে জানানো হয়, বুলগেরিয়ার চকলেট নির্মাতাপ্রতিষ্ঠান স্মল আলপি ক্যান্ডি ফ্যাক্টরির মালিক ভেন্তসিসলাভ পেচেভ বলেন, ‘কথায় বলে, সত্যিকারের সৌন্দর্য ভেতর থেকে আসে। তাহলে সেই সৌন্দর্য ক্যান্ডির ভেতর থেকে আসবে না কেন?’
পেচেভের দাবি, তাঁর তৈরি ডিও পারফিউম ক্যান্ডি শরীর থেকে দুর্গন্ধ দূর করে। ছয় ঘণ্টা ধরে শরীর থাকে সুগন্ধে ভরপুর। তবে সুগন্ধ কতক্ষণ থাকবে, তা নির্ভর করে ব্যক্তির আয়তন ও ক্যান্ডি খাওয়ার পরিমাণের ওপর।
এই ক্যান্ডি পাওয়া যাবে বিভিন্ন আকারে। কোনোটি থাকবে শক্ত, কোনোটি চুইংগামের মতো নমনীয়, কোনোটি বা চিনিমুক্ত। জাপানের বিজ্ঞানীরা গোলাপ ফুল ও রসুনের নির্যাস দিয়ে এসব ক্যান্ডি তৈরি করেছেন। এগুলো শরীরে ঘামের গন্ধ রোধ করে। পেচেভ বলেন, রসুনকে এমনভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে, যাতে এটি শরীরের দুর্গন্ধ দূর করে।
যুক্তরাষ্ট্র, এশিয়া ও ইউরোপীয় বেশ কিছু দেশে আমাজন ডট কমে এই গন্ধহারী ক্যান্ডি বিক্রি হচ্ছে। প্রতিটির দাম ৫ দশমিক ৯৮ মার্কিন ডলার। তবে পেচেভের এই ক্যান্ডির পরিকল্পনা একদম নতুন নয়। জাপানে আগে ওতাকো কারু নামের একটি চুইংগাম তৈরি হয়েছিল। সেটি শরীরকে সুগন্ধময় করে তুলত।

নির্মাণকারী প্রতিষ্ঠান আলপিকে এই ক্যান্ডি তৈরি করতে সহযোগিতা করেছেন প্লাভদিভ বিশ্ববিদ্যালয়ের খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক দিমিতার হাদজহিকিনভ। তিনি বলেন, ৬৫ কেজি ওজন যাঁদের, তাঁরা একবার এই চকলেট খেলেই কাজ হবে। কিন্তু যাঁদের ওজন আরও বেশি, তাঁদের দিনে দুই, তিন বা চারটি করে চকলেট খেতে হবে।

এই ক্যান্ডি খুব দ্রুত কাজ করে। মুখে দিলে অল্প সময়ের মধ্যেই এটি গলে যায়। শরীর থেকে দুর্গন্ধ রোধ করতে প্রয়োজনে একের বেশি চকলেট খাওয়া যেতে পারে। তবে এটি এত সুস্বাদু যে কারও খারাপ লাগে না। বুলগেরিয়ার বাজারে একটি চকলেটের দাম দুই লিভা বা ১ দশমিক ৩০ মার্কিন ডলার।