যে দেশে প্রেসিডেন্ট নিজে ঢুকতে পারেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবারল্যান্ডের প্রেসিডেন্ট ভিট জাডলিচকা। ছবি: বিবিসি বাংলা
লিবারল্যান্ডের প্রেসিডেন্ট ভিট জাডলিচকা। ছবি: বিবিসি বাংলা

পৃথিবীর ক্ষুদ্র ভূখণ্ডের একটি দেশ। আয়তনও মাত্র সাত বর্গকিলোমিটার। ইউরোপের এই দেশটির প্রেসিডেন্ট এখন নিজ দেশেই ঢুকতে পারছেন না।

সার্বিয়া আর ক্রোয়েশিয়ার সীমান্তের মাঝখানের ওই ভূখণ্ডের নাম লিবারল্যান্ড। অনেকেই হয়তো নামই শোনেননি। কারণ, দেশটি এখনো কারও স্বীকৃতি পায়নি। এ দেশের পতাকা আছে, প্রেসিডেন্ট আছেন। অনেকেই দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। সমস্যা একটাই, কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।

লিবারল্যান্ডের প্রেসিডেন্ট ভিট জাডলিচকা ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাগুয়েল মাসচিহিত্তো দেশটির পতাকা হাতে। ছবি: বিবিসি বাংলা
লিবারল্যান্ডের প্রেসিডেন্ট ভিট জাডলিচকা ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাগুয়েল মাসচিহিত্তো দেশটির পতাকা হাতে। ছবি: বিবিসি বাংলা

লিবারল্যান্ড যে ভূখণ্ডে, সেটা আগে ক্রোয়েশিয়ার অংশ ছিল। যুগোস্লাভিয়া ভেঙে যাওয়ার পর নতুন যে সীমান্ত হয়, তাতে বাদ পড়ে ওই ভূখণ্ড। সার্বিয়া বা ক্রোয়েশিয়া, কেউই এই ভূখণ্ডের দাবি করেনি। কারণ, এই ভূখণ্ড যোগ করতে হলে দেশ দুটির সীমান্তের যে পরিবর্তন হবে, তাতে তাদের এলাকা কমে যাবে। তাই এত দিন এই ভূখণ্ডটি ফাঁকাই পড়েছিল। তবে চেক রিপাবলিকের বাসিন্দা ভিট জাডলিচকা সেখানে গিয়ে এটিকে লিবারল্যান্ড নাম দিয়ে নতুন দেশ ঘোষণা করেন। এ দেশে কোনো বাধ্যতামূলক কর নেই। দেশের মুদ্রা বিটকয়েন। বান্ধবী আর এক বন্ধু জাডলিচকাকে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেন। অনলাইনের মাধ্যমে নতুন দেশের নাগরিকদের বাছাই করতে শুরু করেন তিনি। কিন্তু এরপরেই তাঁকে আটক করে ক্রোয়েশিয়ার সরকার। যারাই সেখানে প্রবেশের চেষ্টা করেছে, তাদের পুলিশ আটক করেছে। এখন নতুন প্রেসিডেন্টকেও এই ভূখণ্ডের আশপাশে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রোয়েশিয়া।

সার্বিয়া আর ক্রোয়েশিয়ার মাঝে নোম্যানস ল্যান্ডের ভূখণ্ডটি লিবারল্যান্ড বলে দাবি করেছেন ভিট জাডলিচকা। ছবি: বিবিসি বাংলা
সার্বিয়া আর ক্রোয়েশিয়ার মাঝে নোম্যানস ল্যান্ডের ভূখণ্ডটি লিবারল্যান্ড বলে দাবি করেছেন ভিট জাডলিচকা। ছবি: বিবিসি বাংলা

তবে, এত কিছুর পরও হাল ছাড়ার পাত্র নন জাডলিচকা। তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাপিয়েছেন। বিশ্বজুড়ে লিবার্টিয়ান সম্মেলনগুলোয় যোগ দিচ্ছেন। দেশের মন্ত্রী আর বিদেশে প্রতিনিধিদের নিয়োগ করেছেন তিনি। বিশ্বের কোনো দেশের স্বীকৃতি না পেলেও প্রেসিডেন্ট পরিচয়ে লিবারল্যান্ডারদের সম্মেলনে যেতে তার বাধা নেই।

এখন ক্রোয়েশিয়ার আদালতে তাঁর নামে একটি মামলা চলছে। যেখানে তিনি দাবি করেছেন, ক্রোয়েশিয়ার সীমান্ত চিহ্নিত করার পর তাঁকে যেন তাঁর দেশ লিবারল্যান্ডে যেতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। সেই মামলার শুনানি এখন চলছে।