যে ভয়ে রাশিয়ায় করোনা পরীক্ষা করেননি মাখোঁ
পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কতটা অবিশ্বাস করে, সেটাই আবারও সামনে এল। বিষয়টি সামনে আনলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ইউক্রেন সংকট সমাধানে পশ্চিমা দেশগুলো যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, তার মধ্যে অন্যতম ফ্রান্স। এই সংকট সমাধানে রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি। কিন্তু সেই সময় করোনা পরীক্ষা করেননি তিনি।
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, পুতিনের সঙ্গে বৈঠকের আগে প্রটোকল অনুসারে কোভিড-১৯ পরীক্ষা করেননি মাখোঁ। ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।
সেখানে আরটিপিসিআর পরীক্ষার কথা ছিল মাখোঁর। রাশিয়া তাঁর ডিএনএর নমুনা রেখে দিতে পারে, এই ভয়ে মাখোঁ করোনা পরীক্ষা করেননি। যদিও ফ্রান্সের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। ফরাসি সরকারের একটি সূত্র বলেছে, যে করোনা পরীক্ষার কথা বলা হয়েছিল, তা আসলে অগ্রহণযোগ্য। আর এই পরীক্ষার সময়সূচিও মাখোঁর কর্মতালিকার সঙ্গে মেলানো যাচ্ছিল না।
এদিকে ক্রেমলিন এই তথ্য প্রকাশের পর থেকে বিষয়টিকে ভিন্নভাবেও দেখা হচ্ছে। পুতিন এটিকে কূটনৈতিক বার্তা হিসেবে ব্যবহার করছেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকেরা।
করোনা পরীক্ষা না করলেও স্বাস্থ্যবিধি মেনে এই দুই নেতা বৈঠক করেছেন। সামাজিক দূরত্ব মেনে তাঁরা বৈঠক করেছেন। বৈঠকের আগে কিংবা পরে তাঁরা হাত মেলাননি। এ ছাড়া তাঁরা যে টেবিলের দুই প্রান্তে বসে বৈঠক করেছেন, সেই টেবিলের দৈর্ঘ্য ছিল চার মিটার।
বিষয়টি নিয়ে ফরাসি কূটনৈতিক সূত্রের সঙ্গে কথা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের। ওই সূত্রগুলো বলেছে, মাখোঁকে বলা হয়েছিল, তিনি করোনার পরীক্ষা করবেন, নাকি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ, পিসিআর পরীক্ষা না করলে তিনি পুতিনের কাছাকাছি যেতে পারবেন না। মাখোঁ অবশ্য স্বাস্থ্যবিধি মেনে চলার পথটি বেছে নিয়েছিলেন।
ডিএনএ নমুনা নিয়ে নেওয়ার বিষয়টি অবশ্য ফরাসি একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, ‘আমরা অবশ্যই তাদের হাতে আমাদের প্রেসিডেন্টের ডিএনএ তুলে দিতে পারি না।’ মাখোঁর ডিএনএ নিয়ে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কীভাবে তার অপব্যবহার করত, এর কোনো ব্যাখ্যা দেয়নি সূত্রটি।